পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খান বলেছেন, একাত্তরে বিদেশি টেলিভিশনে তৎকলীন পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞের চিত্র দেখে তিনি লজ্জিত হতেন।পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল পত্রিকায় এক নিবন্ধে কাদির খান এ কথা লিখেছেন। ‘ইভেন্টস অব ১৯৭১’ শিরোনামের নিবন্ধটি গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। পারমাণবিক প্রযুক্তি লিবিয়া ও উত্তর কোরিয়ায় পাচারের অভিযোগে ২০০৪ সালে গৃহবন্দী করা হয় পাকিস্তানের শীর্ষ এই পরমাণুবিজ্ঞানীকে।কাদির খান বলেন, ‘পশ্চিম পাকিস্তানের বাবুরা পূর্ব পাকিস্তানকে তাদের একটি উপনিবেশ হিসেবে বিবেচনা করতেন। ব্রিটিশরা আমাদের সঙ্গে যে আচরণ করত, সেখানকার (পূর্ব পাকিস্তানের) নাগরিকদের সঙ্গে তারাও একই ব্যবহার করতেন।’কাদির খান তাঁর নিবন্ধে লিখেছেন, ‘আমরা জানি, ১৯৭১ সালের মার্চে জেনারেল ইয়াহিয়া খান “অভ্যুত্থানকারীদের” নির্মূল করতে জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানে পাঠান। আমরা দেখেছি, আমাদের সেনাবাহিনী আমাদের মানুষকেই হত্যা করছে। এটা সবারই জানা, সর্বময় ক্ষমতা পেলে মানুষ নৃশংস হয়ে ওঠে।’পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা সম্পর্কে কাদির খান তাঁর লেখায় আরও বলেন, ‘বিদেশি টেলিভিশনে ওই চরম বীভৎস দৃশ্য দেখানো হতো। আমি তখন বেলজিয়ামে ছিলাম। মুসলমানদের বিরুদ্ধে মুসলমান, পাকিস্তানিদের বিরুদ্ধে পাকিস্তানিরা যে এমন এই নৃশংস কাজ করতে পারে, তা দেখে আমি লজ্জিত হয়েছি।’ তিনি আরও লিখেছেন, ‘দেশ ভেঙে গেল। লাখ লাখ মানুষকে হত্যা করা হলো, ধর্ষণের শিকার হলেন নারীরা। ৯২ হাজার সেনাসদস্য ও অন্যান্য কর্মকর্তাকে কারাগারে নেওয়া হলো। অথচ এত বড় বিপর্যয়ের জন্য কাউকেই দায়ী করা হয়নি।’কাদির খান মনে করেন, পাকিস্তানের বর্তমান অবস্থা ১৯৭১ সালের চেয়েও খারাপ। তিনি সতর্ক করে বলেন, ‘দেশ নানা সামাজিক সমস্যায় জর্জরিত। আমরা শিগগিরই যদি এসব সমস্যার সমাধান না করি, তবে সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা আবারও বিভক্ত হব।’কাদির খান লিখেছেন, ‘সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, আমরা পাকিস্তানে অতীতের মর্মান্তিক ভুলগুলো থেকে কোনো শিক্ষা নিইনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে পাকিস্তানের ভেঙে যাওয়া ছিল এমনই একটি ঘটনা। লাখ লাখ পাকিস্তানি ওই বিয়োগান্ত ঘটনার কারণ সম্পর্কে পুরোপুরি সচেতন। কিন্তু মনে হচ্ছে, বেদনাদায়ক অভিজ্ঞতা সত্ত্বেও আমাদের শাসকগোষ্ঠী ও প্রভাবশালী শ্রেণী এ ব্যাপারে অচেতন।...শাসকগোষ্ঠী এবং প্রভাবশালী ব্যক্তিরা এখনো ভ্রান্তির মধ্যে আছেন। তখনো (১৯৭১ সাল) তাঁরা ভেবেছিলেন, বিরোধীদের নির্মূল করতে পারবে, এখনো তা-ই ভাবছেন।’