হত্যার অভিযোগ এনে বিডিআর ক্যাম্প ঘেরাও, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের রাশেদুল হক (২৫) গত বুধবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, বিডিআর সদস্যরা বুধবার সন্ধ্যায় তাদের সামনে রাশেদুলকে নির্যাতনে হত্যা করে লাশ সীমান্তবর্তী ধরলা নদীতে ফেলে দিয়েছেন। এ অভিযোগে সীমান্তের গ্রামগুলোর কয়েক হাজার বাসিন্দা ওই দিন রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত মোগলহাট বিডিআর ক্যাম্প ঘেরাও করে। ঘটনা তদন্তে বিডিআর ও জেলা প্রশাসন পৃথক দুটি দল গঠন করেছে। এ ব্যাপারে মোগলহাট বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় বিডিআর টহল দল দায়িত্ব পালনের সময় দেখতে পায়, রাশেদুল মুঠোফোনে চোরাকারবারিদের সতর্ক করছিলেন। এ সময় টহলরত বিডিআর সদস্যরা তাঁর হাত থেকে মুঠোফোন নিয়ে তাঁকে নদীর তীরে নিয়ে যান। এ সময় নৌকাবোঝাই ভারতীয় সার দেখতে পেয়ে রাশেদুল নদীতে ঝাঁপ দেন।’ এ ছাড়া আর কোনো কথা তিনি বলেননি। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চওড়াটারী গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে রাশেদুলকে চোরাকারবারি সন্দেহে আটক করেন বিডিআরের টহল দলের দুই সদস্য। খবর পেয়ে রাশেদুলের বাবা আবদুল হক ও পরিবারের অন্য সদস্যরা ওই বিডিআর সদস্যদের অনুসরণ করেন। তাঁরা দেখতে পান, বিডিআর সদস্যরা রাশেদুলকে কাছের একটি শ্যালোপাম্প ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে উপস্থিত আরও চার বিডিআর সদস্য রাশেদুলকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালান। একপর্যায়ে রাশেদুল অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিডিআর সদস্যরা রাশেদুলকে ৯২৮ ও ৯২৭ মেইন পিলারের মাঝামাঝি স্থান দিয়ে ভারতীয় অংশে অবস্থিত ধরলা নদীর তীরে নিয়ে যান। সেখানে আরও নির্যাতন চালিয়ে বিডিআর সদস্যরা রাশেদুলকে নদীতে ফেলে দেন। রাশেদুলের পরিবার জানায়, এ সময় তারা পুরো ঘটনা দেখলেও ভয়ে কাছে যেতে পারেনি। বিডিআর সদস্যরা চলে গেলে তারা ঘটনাস্থল থেকে রাশেদুলের ব্যবহূত স্যান্ডেল উদ্ধার করে। এ সময় তারা নদীতে নেমে অনেক তল্লাশি করেও রাশেদুলকে খুঁজে পায়নি। এদিকে রাশেদুলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে, এমন খবর কর্ণপুর ও চওড়াটারীসহ সীমান্তবর্তী গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামগুলোর ক্ষুব্ধ কয়েক হাজার নারী-পুরুষ রাত নয়টা থেকে ১২টা পর্যন্ত মোগলহাট বিডিআর ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ ও মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। সারা রাত অনুসন্ধান চালিয়েও রাশেদুলের খোঁজ না পাওয়ায় গতকাল সকাল থেকে মোগলহাট ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় দুপুর ১২টার দিকে মোগলহাট সীমান্তের ৯২৮ মেইন পিলার এলাকায় বিডিআর ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। রাশেদুলের কোনো খোঁজ বা তাঁর লাশ পেলে তা বাংলাদেশকে ফেরত দিতে বিডিআরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। পরে বেলা একটার দিকে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. মোখলেছার রহমান সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার এবং লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেনের মধ্যে চওড়াটারী ঈদগাহ মাঠে যৌথ বৈঠক হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রাশেদুলের বাবা আবদুল হকসহ মোগলহাট বিওপি ক্যাম্পের কমান্ডার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বৈঠকে ঘটনা তদন্তে বিডিআর এবং জেলা প্রশাসন দুটি পৃথক দল গঠন করে। প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।বৈঠক শেষে জেলা প্রশাসক মো. মোখলেছার রহমান সরকার জানান, প্রকৃত ঘটনা কী, কারা দায়ী তা জানতে যৌথ বৈঠকের সিদ্ধান্তের আলোকে তদন্ত দল গঠন করা হয়েছে। প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে রাশেদুলের বাবা আবদুল হক বলেন, ‘মোর ছাওয়া রাশেদুলোক বিডিআর ধরিয়া ডাংগেয়া মারি ধরলা নদীত ফেলে দিছে। মুই ইয়ার বিচার চাও বাহে।’রাশেদুলের তিন বছরের একটি ছেলে রয়েছে।