রাজধানীর অদূরে সাভারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হককে (৫৪) গ্রেপ্তার করেছে সাভার থানার পুলিশ। গতকাল সোমবার সকাল নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, শামসুল হক আমিনবাজার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার দিন নিহত ছাত্রদের আটক করতে এলাকার লোকজনকে উসকে দেওয়ার পাশাপাশি তাদের গণপিটুনি দিতেও সাহস জোগান তিনি।তবে পুলিশি হেফাজতে শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতারা ফাঁসানোর জন্য অর্থের বিনিময়ে আমাকে ধরিয়ে দিয়েছে।’শামসুল হক আরও বলেন, মাস দেড়েক আগে গ্রেপ্তারের জন্য পুলিশ তাঁর বাসায় হানা দিয়েছিল। এরপর নানা তদবিরের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার না করার আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই আশ্বাস ভঙ্গ করে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা সম্পর্কে তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে কয়েক বছর তিনি ফেনসিডিলের ব্যবসা করেছেন। বছর আটেক আগে দুর্ঘটনায় তাঁর ডান পা ক্ষতিগ্রস্ত হওয়ার পর মাদক ব্যবসা ছেড়ে দিয়ে বড়দেশী গ্রামে হোটেল দেন। গতকাল ওই হোটেল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, তদন্তে প্রমাণ পাওয়ার পরই শামসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ জুলাই শবে বরাতের রাতে নামাজ পড়ে আমিনবাজারের বড়দেশী গ্রামে ঘুরতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারায় শামস রহিম সাম্মাম, ইব্রাহিম খলিল, তৌহিদুর রহমান, টিপু সুলতান, সিতাব জাবীর মুনির ও কামরুজ্জামান কান্ত। তারা সবাই বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র। ওই হত্যার ঘটনায় সাভার থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা গ্রামবাসীকে। ওই মামলায়ই গতকাল শামসুল হককে গ্রেপ্তার করা হয়।