হত্যার অভিযোগে রমনা থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ঘুষগ্রহণ ও হত্যার অভিযোগে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজনের বিরুদ্ধে আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে।মগবাজারের সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ী বাবুল গাজীকে (৪০) হত্যার অভিযোগে তাঁর স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। হাকিম মেহেদী হাসান তালুকদার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদালত আগামী ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।আসামিরা হলেন রমনা থানার ওসি শিবলী নোমান, উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন, কনস্টেবল সিরাজ এবং পুলিশের সোর্স হিরণ, নান্নু, আনিসুর রহমান ও শাহদাত।মামলার অভিযোগে বলা হয়েছে, মগবাজার এলাকার সিএনজিচালিত অটোরিকশার মালিক বাবুল গাজীর দুই চালককে গত ১৭ জুন পুলিশ ধরে নিয়ে যায়।রমনা থানার এসআই আলতাফ হোসেন বাবুল গাজীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বাবুল গাজীর বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হবে বলেও তিনি হুমকি দেন।এরই পরিপ্রেক্ষিতে বাবুল গাজী ৭০ হাজার টাকা দেন। বাকি টাকা না দেওয়ায় গত ২৮ জুন আসামিরা বাবুল গাজীকে আনসার ক্যাম্পে নিয়ে যান। পরের দিন তাঁর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর লাশ শনাক্ত করেন।