শিশু সামিউলকে খুন করার অপরাধ স্বীকার করে শামসুজ্জামান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে শামসুজ্জামান বলেন, আয়েশা হুমায়রার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সামিউল জেনে ফেলে এবং তার বাবাকে বলে দেবে বলে হুমকি দেয়। এরপর আয়েশার সহায়তায় শিশু সামিউলকে ঘুমন্ত অবস্থায় গলাটিপে হত্যা করেন তিনি।আদালত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার আদাবর থানার পুলিশ আয়েশার প্রেমিক শামসুজ্জামানকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে। মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন তাঁর বক্তব্য লিপিবদ্ধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।শামসুজ্জামান আদালতকে জানান, তিন বছর আগে তাঁর স্ত্রীর নবোদয় হাউজিংয়ে বিউটি পারলার ছিল। আয়েশা পারলারে আসা-যাওয়া করতেন। প্রথমে তাঁর স্ত্রীর সঙ্গে আয়েশার বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা হয়।এদিকে শামসুজ্জামানের স্ত্রী নাদিবা বেগম সাথীকে আদাবর থানার পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে।শামসুজ্জামান ও আয়েশাকে গত সোমবার রাতে আদাবর থানায় মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শামসুজ্জামানের কিছু বক্তব্যের সঙ্গে শিশুটির মা দ্বিমত পোষণ করেছেন। বিশেষ করে হত্যাকাণ্ডে সহায়তা করার কথা স্বীকার করেননি তিনি।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, মুখোমুখি জিজ্ঞাসাবাদে আয়েশাকে উদ্দেশ করে শামসুজ্জমান বলেন, ‘আমি সামিউলকে গলাটিপে হত্যা করেছি, তুমি সহায়তা করেছ, এটা স্বীকার করো। আয়েশা তখন শামসুজ্জমানকে বলেন, তুমিই সামিউলকে খুন করেছ। গতকাল আয়েশার রিমান্ডের চার দিন অতিবাহিত হয়েছে। আজ বুধবার প্রয়োজনে তাঁকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।ওসি জানান, মনে হচ্ছে, সামিউলকে হত্যার পর লাশ বাসার ফ্রিজে রাখা হয়। পরে বস্তায় ভরে সুকৌশলে বাসা থেকে বের করে পাশের ৯ নম্বর সড়কে ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়।গত ২৪ জুন সাড়ে পাঁচ বছর বয়সী খন্দকার সামিউল নিখোঁজ হয়। দুই দিন পর শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার হয় বাসার পাশে একটি ফাঁকা জায়গা থেকে।