হত্যার কথা স্বীকার করলেন বো শিলাইয়ের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ব্যবসায়ী নিল হেউডকে গত নভেম্বরে হত্যা করার কথা স্বীকার করলেন চীনের বিতর্কিত রাজনীতিক বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাই। এ মামলার একজন জ্যেষ্ঠ কৌঁসুলি এ তথ্য নিশ্চিত করেছেন বলে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়। ওই কৌঁসুলি তাঁর নাম প্রকাশ করেননি। হেউড হত্যাকাণ্ড তদন্ত দলের একজন হিসেবে কাজ করছেন তিনি। তাঁর দাবি, গু অর্থবিষয়ক অপরাধের সঙ্গে জড়িত। সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফের খবরে বলা হয়, গু যেসব ঘটনা স্মরণ করতে পেরেছেন তা তদন্ত কর্মকর্তাদের বলেছেন। যেসব ঘটনা তিনি পরিষ্কারভাবে স্মরণ করতে পারেননি, এর ভার তদন্ত কর্মকর্তাদের ওপর ছেড়ে দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় গু নির্বিকার ও শান্ত ভঙ্গিতে তদন্তকারীদের প্রশ্নের উত্তর দেন বলে ওই সূত্র জানিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুংকিংয়ে দলের সাবেক সাধারণ সম্পাদক বো শিয়াইয়ের স্ত্রী গু, তাঁদের পারিবারিক বন্ধু ও দেহরক্ষী ঝাং জিয়াওজুনকে বিচারের মুখোমুখি হতে হবে।গু কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। এ কারণে বোয়ের পরিবার আশা করেছিল, বিচারের মুখোমুখি করার আগে গুয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘটনায় বোয়ের স্ত্রীকে বিচারের মুখোমুখি করার বিষয়টি এই আভাস দিচ্ছে যে বড় ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে ক্ষমতাশালী ও সম্ভ্রান্ত পরিবারের সদস্যদের জড়িত থাকার বিষয়ে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।