চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কফিলউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এক সপ্তাহ আগে এই হত্যাকাণ্ড ঘটে। জাহেদ মাহমুদ নামের ওই যুবক কফিলের বন্ধু এবং নগরের পাশাপাশি এলাকায় তাঁদের বাসা। হত্যাকাণ্ডের পর লুট হওয়া একটি ল্যাপটপ এবং সাড়ে ১২ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে।জাহেদের বাবা সেলিম মাহমুদ স্যানিটারি সামগ্রীর ব্যবসায়ী। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়। তবে বাগমনিরাম লেনের ভাড়া বাসায় তাঁরা থাকেন। এই বাসার অদূরে চটেশ্বরী সড়ক এলাকায় নিহত কফিলের বাসা।গ্রেপ্তারের পর জাহেদকে আজ দুপুরে নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় জাহেদ হত্যাকাণ্ডের বর্ণনা দেন। হত্যার অভিযোগ থেকে রক্ষা পেতে তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করেন। বিশেষ করে গলা টিপে মেরে ফেলার পরও কফিলের গলা ও ডান হাতের রগ কেটে দেওয়া এই কৌশলেরই অংশ বলে জাহেদ স্বীকার করেন। তিনি নিয়মিত গোয়েন্দাবিষয়ক টিভি সিরিয়াল দেখে আসছেন এবং ছোট বেলায় গোয়েন্দা রহস্যের বই পড়তেন। এসব দেখে তিনি হত্যার দায় অন্যদের ওপর চাপানোর জন্য গলা ও হাতের রগ কেটে দেন।প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র কফিলের লাশ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের দক্ষিণ পাশে পাহাড়ের ঢালু থেকে উদ্ধার করা হয়। আগের দিন দুপুরে তিনি গ্রামের বাড়ি আনোয়ারায় যাওয়ার কথা বলে একটি ল্যাপটপ এবং নগদ ১৯ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হন।হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জাহেদ সাংবাদিকদের বলেন, ‘ঘটনার দিন ১৮ ডিসেম্বর কফিলকে লালখান বাজারের একটি অভিজাত ফাস্ট ফুডের দোকানে খাওয়ানোর কথা ছিল। আগের সিদ্ধান্ত অনুযায়ী আমি ওই দোকানে চলে যাই। পরে কফিল এসে যোগ দেয়। আমরা প্রায় আড়াই ঘণ্টা পর্যন্ত খাওয়া-দাওয়া করি। ফাঁকে ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি।’জাহেদ আরও বলেন, ‘১৮ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত ফাস্ট ফুডের দোকানে ছিলাম। পরে আমরা বের হয়ে পার্শ্ববর্তী জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণে পাহাড়ের ঢালুতে বসি। সেখানে আমার ছোটবেলার একটি আপত্তিকর কথা কফিলকে জানাই। সে হেসে দিলে আমার রাগ হয়। একপর্যায়ে আমি তাঁর কণ্ঠনালী চেপে ধরি। কিছুক্ষণ পর দেখি সে নড়াচড়া করছে না। আমি বুকে চাপ দিয়ে তাকে পরীক্ষা করি।’জাহেদ আরও বলেন, ‘অনেক চেষ্টার পর বুঝতে পারলাম কফিল বেঁচে নেই। তাই আমার থলেতে থাকা অ্যান্টিকার্টার (কাগজ কাটার ধারালো ছোরা) দিয়ে তাঁর গলা ও ডান হাতের রগ কেটে দিই, যাতে এই হত্যাকাণ্ডের দায় ছিনতাইকারীর ওপর পড়ে। পরে তাঁর ল্যাপটপ ও ১৯ হাজার টাকা নিয়ে বাসায় চলে আসি। তবে মুঠোফোনের সেটটি আনিনি। কারণ আমার আশঙ্কা ছিল ওই ফোনসেট নিয়ে এলে আমি ধরা পড়ে যাব।’জাহেদ বলেন, ‘১৯ ডিসেম্বর রাতে আনোয়ারার গ্রামের বাড়িতে কফিলের জানাজায় আমি অংশ নিয়েছি। এরপর তাদের বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করেছি।’নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম এ প্রসঙ্গে প্রথম আলো অনলাইনকে বলেন, ফাস্ট ফুডের দোকানে আড্ডা দেওয়া এবং তাঁদের আসা-যাওয়ার ফুটেজ আমরা সংগ্রহ করেছি। আসলে গোয়েন্দা-সংক্রান্ত টিভি সিরিয়াল দেখে এবং বই পড়ে জাহেদ হত্যাকাণ্ডের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করেছে।