হত্যার দুই মাস পর শিশুর লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়ার ও হত্যার পর পায়খানার হাউসে গুম করা ১০ বছরের শিশুর লাশ দুই মাস পর আজ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা, ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার একজন হত্যার কথা স্বীকার করেছেন।নিহত শিশুর নাম প্রার্থনা সরকার। তার বাবার নাম পরিমল সরকার। বাড়ি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া গ্রামে। শিশুটি উপজেলার কাশিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ (৪৫), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৪০), মেয়ে কেয়া খাতুন (২০) ও একই গ্রামের নিতাই চন্দ্র মণ্ডলের ছেলে রতন কুমার মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। আজাদ তাহেরপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও পরিমলের প্রতিবেশী।পুলিশ জানায়, পরিমল সরকারের প্রতিবেশী মাদ্রাসা-শিক্ষক আবুল কালাম আজাদের ছেলে গালিব (২৬) ও তাঁর বন্ধু রতন কুমার মণ্ডল (২৫) প্রতিদিন পরিমলের বাড়িতে যেতেন। তাঁরা দুজন পরিমলের মেয়ে প্রার্থনা সরকারকে খুবই আদর করতেন। কোলে নিতেন। গত ১১ নভেম্বর প্রার্থনার মা পারুল রানি সরকার ঘরের চৌকির ওপরে ছোট বাচ্চাকে শুইয়ে দিয়ে পাশের বাড়িতে যান। এ সময় তিনি প্রার্থনাকে বাচ্চার দিকে খেয়াল রাখতে বলে যান। তখন বাড়িতে আর কেউ ছিল না। মাত্র আধ ঘণ্টা পর তিনি ফিরে এসে দেখেন প্রার্থনা বাসায় নেই। তারপর তিনি মেয়েকে খুঁজতে শুরু করেন। মেয়েকে কোথাও না পেয়ে এক দিন পর পরিমল সরকার পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। পরিমলের পরিবারও মেয়ের খোঁজ করতে থাকে।খোঁজাখুঁজির একপর্যায়ে গত ১১ ডিসেম্বর পরিমল সরকার বাদী হয়ে গালিব এবং রতনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই রতনকে গ্রেপ্তার করে। তাঁকে গ্রেপ্তারের খবর পেয়েই গালিব বাড়ি থেকে পালিয়ে যান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন এ ব্যাপারে পুলিশকে কোনো তথ্য দেয়নি। পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে। গতকাল রোববার আদালত রতনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে গতকাল সকালে রতন পুলিশের কাছে স্বীকার করেন যে, গালিব প্রার্থনাকে হত্যা করে তার বাড়ির পায়খানার হাউসের মধ্যে লাশ লুকিয়ে রেখেছেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আজ বেলা দেড়টায় গালিবের বাড়ির পায়খানার ওপরের ঢাকনা সরিয়েই প্রার্থনার গলিত লাশ দেখতে পায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। রতন পুলিশের কাছে বলেছেন, প্রার্থনাকে হত্যার পর গালিব প্রার্থনার কানের স্বর্ণের রিং খুলে নেন। পরে সে রিং জোড়া তাহেরপুর বাজারের সাধনা জুয়েলার্সে দুই হাজার ৯০০ টাকা বিক্রি করেন। বিক্রির পর আশুতোষের সেলুনে তাঁরা একসঙ্গে মিষ্টি খেয়েছেন।এ ছাড়া গালিবের বাবা আবুল কালাম আজাদ প্রার্থনা নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় পরিমলের বাড়িতে গিয়ে নিজে থেকে বলেছিলেন, মেয়েটি চলে গেল—এর তো কোনো সাক্ষী নেই। এই কথার সূত্র ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাঁর কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে গতকাল রোববার পুলিশ তাঁকেও গ্রেপ্তার করে। ওই দিনই তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গতকাল লাশ উদ্ধার করার পর পুলিশ গালিবের মা নাসিমা বেগম ও বোন কেয়া খাতুনকেও গ্রেপ্তার করে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, তাঁরা ধারণা করছেন, শিশুটিকে ধর্ষণের পর জানাজানির ভয়ে শ্বাসরোধ করে লাশ পায়খানার ভেতরে লুকিয়ে রাখা হয়। তিনি বলেন, গালিবের বাবা, মা ও বোনের সঙ্গে কথা বলে মনে হয়েছে, বিষয়টির সঙ্গে তাঁরাও জড়িত। এ জন্য এই হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য, গালিবের বাবার জেএমবির প্রশিক্ষণ রয়েছে। গালিবও একজন জেএমবি কর্মী। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে সোপর্দ করা হবে।