হত্যার পরে গৃহবধূর লাশ ফাঁসিতে ঝোলানোর অভিযোগ!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামে গৃহবধূ আকলিমা আক্তারকে (২২) হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের টাকা না পেয়ে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করে বলে মৃতের বাড়ি থেকে অভিযোগ করা হয়।আজ সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসীরা জানায়, দেড় বছর আগে উপজেলার কাজিমাবাদ গ্রামের আকলিমা আক্তারের সঙ্গে আলাউদ্দিন মিয়ার বিয়ে হয়।মৃত আকলিমা আক্তারের বাবা আলী আকবর মিয়া অভিযোগ করেন,‘ বিয়ের পর জামাই আলাউদ্দিন বিদেশে যাওয়ার জন্য আমার কাছে যৌতুক হিসেবে দুই লাখ টাকা দাবি করে। কিন্তু আমি অপারগতা জানালে, তারা আমার মেয়ের ওপর অত্যাচার শুরু করে। শেষ পর্যন্ত টাকা দিতে না পারায় আমার মেয়েকে তারা গতকাল রোববার রাতে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে।’নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, মেয়ের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে, এটি হত্যা না-আত্মহত্যা। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।