হত্যার প্রকৃত কারণ নির্ণয়ে কেন নির্দেশ নয়
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং খুনিদের আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, ডিসি (দক্ষিণ) ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।এ ছাড়া আদালত দুটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। সুনির্দিষ্ট তথ্য ছাড়া তদন্ত বিঘ্নিত হতে পারে, এমন বিবৃতি গণমাধ্যমে দেওয়া থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ‘জজ মিয়া প্রস্তুত’, ‘জজ মিয়া খোঁজা হচ্ছে’সহ তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে—এমন সংবাদ প্রকাশ না করার বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে তথ্যসচিবের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।আজ সকালে এ হত্যাকাণ্ডের কারণ নির্ণয় এবং খুনিদের আইনের আওতায় আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটটি করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ।১০ ফেব্রুয়ারি রাতের কোনো একসময়ে পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।ওই দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কিন্তু ওই সময়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ৪৮ ঘণ্টা পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার তদন্তে ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতির কথা জানিয়েছিলেন। ২২ ফেব্রুয়ারি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। কর্মসূচি অনুযায়ী গতকাল সোমবার সব সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রতীকী ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ করা হয়। এ ছাড়া ১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে।