মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সমাজের কয়েকজন বিশিষ্ট নাগরিক। গতকাল বুধবার তাঁরা এই আবেদন জানিয়ে বিবৃতি দেন।বিবৃতিতে বলা হয়, গত ৬ মার্চ ত্বকী নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তে উল্লেখ করা হয়, তাকে মাথায় আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিরপরাধ এই কিশোরের নৃশংস হত্যাকাণ্ডে দেশ ও দেশের বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। ত্বকীর বাবা নারায়ণগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন নাগরিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বি সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কয়েকজনের নাম স্থানীয় পুলিশ সুপারের কাছে লিখিতভাবে দিয়েছেন। এ ঘটনার তিন মাস পার হলেও আজ পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি ঘটেনি। দৃশ্যত এর তদন্ত বন্ধ হয়ে আছে বলে মনে হচ্ছে। সম্প্রতি ত্বকীর বাবা এই মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তরের আবেদন করেছেন।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, স্বজন হারানোর বেদনা আপনি বোঝেন। আপনি বাবা-মা, স্বজনসহ কিশোর ভাইকে হারিয়েছেন। আপনি দেশের অভিভাবক। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। আমরা জানি, আপনার আন্তরিকতা ও হস্তক্ষেপই পারে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে।’এই বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন মুস্তাফা নূরউল ইসলাম, আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী, সন্জীদা খাতুন, কামাল লোহানী, হাসান আজিজুল হক, সৈয়দ আনোয়ার হোসেন, সুলতানা কামাল, সৈয়দ আবুল মকসুদ, যতীন সরকার, বদিউল আলম মজুমদার, হায়াৎ মামুদ, রামেন্দু মজুমদার, আলী যাকের, আসাদ চৌধুরী, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিম আক্তার হোসাইন, আনু মুহাম্মদ ও রেহনুমা আহমেদ। বিজ্ঞপ্তি।