স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা হত্যার রাজনীতি বিশ্বাস করি না, শান্তির রাজনীতি বিশ্বাস করি। আমরা বাঁচতে চাই এবং হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করতে চাই। এ রাজনীতি বন্ধ না হলে বাংলাদেশের ভবিষৎ অন্ধকার।’কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে আজ বৃহস্পতিবার বিকেলে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা হানাহানির রাজনীতি করে, তাদের বর্জন করতে হবে।২০০৬ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের মিছিলে সন্ত্রাসী হামলায় কৃষক লীগের নেতা আবদুর রহমান ও বশির আলী মারা যান। এ ছাড়া অনেক নেতা-কর্মী আহত হন, যাঁদের মধ্যে অনেকেই এখন পঙ্গু। দিবসটি পালনে মিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।মিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।মাহবুব-উল-আলম বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি আমরা করি না। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত জোট সরকার যে সন্ত্রাস ও নির্যাতন করেছে, তারই প্রতিবাদে আওয়ামী লীগের একটি মিছিলে সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছিল।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বি এম মোজাম্মেল হক বলেন, ‘আপনার হত্যার রাজনীতি ধৈর্যের সীমা পার করে দিচ্ছে।’সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।এর আগে সকালে সৈয়দ আশরাফ কুষ্টিয়া জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সৈয়দ আশরাফ বলেন, ‘জনগণ মহাজোট সরকারকে ভোট দিয়েছেন নির্বাচনী ইশতেহার দেখে। সেই ইশতেহার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা আপনাদেরই রাখতে হবে।’ তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা জাতির সর্বোচ্চ শিক্ষিত। কাজ করতে গেলে অনেক সময় রাজনৈতিক হস্তক্ষেপ থাকতে পারে। সেগুলোকে কৌশলে মোকাবিলা করতে হবে।’ পরে মন্ত্রী কর্মকর্তাদের কথা শোনেন এবং তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।এ ছাড়া দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে পূর্বনির্ধারিত জেলা সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্তারুজ্জামানের সভাপত্বিতে সম্মেলন শেষ হয়।