হত্যার হুমকিতে পাকিস্তানের সেই বিচারকের ‘পলায়ন’
পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের হত্যাকারীকে কারাদণ্ডের আদেশদাতা পাকিস্তানের সেই বিচারক পারভেজ আলী শাহ পালিয়ে গেছেন। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, অব্যাহত হত্যার হুমকি পাওয়ার পর তিনি সৌদি আরবে সপরিবারে পালিয়ে যান। তবে লাহোর হাইকোর্ট বিচারকের পলায়নের বিষয়টি অস্বীকার করেছেন।সালমান তাসিরকে হত্যার দায়ে বিচারক পারভেজ আলী উগ্রপন্থী মালিক মমতাজ কাদরিকে মৃত্যুদণ্ড দেন। কাদরি ছিলেন গভর্নর সালমান তাসিরের অন্যতম দেহরক্ষী। ব্লাসফেমি আইনের সমালোচনা করায় গত জানুয়ারিতে তাসিরকে ২৭টি গুলি করে হত্যা করেন কাদরি।কাদরির মামলার সরকারি কৌঁসুলি সাইফুল মালুক জানান, সরকার বিচারককে বিদেশে পাঠিয়ে দিয়েছে। মালুক স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘অব্যাহত হত্যার হুমকিতে পারভেজ আলী শাহ সপরিবারে সৌদি আরবের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করতে বাধ্য হয়েছেন।’ তবে লাহোর হাইকোর্টের এক মুখপাত্র বলেন, ‘বিচারক হজ আদায়ের উদ্দেশে সাময়িকভাবে দেশ ত্যাগ করেছেন। তিনি এ ক্ষেত্রে আদালতে যথাযথ অনুমতি নিয়েছেন।’কাদরি বলেছিলেন, তিনি তাসিরকে হত্যা করতে পেরে গর্বিত। আর অনেক পাকিস্তানি কাদরির সমর্থনে বড় ধরনের বিক্ষোভও করেছিল। সেই সময় অনেকে কাদরিকে ‘বীর’ হিসেবে আখ্যায়িত করেছে। বিবিসি অনলাইন।