হত্যাসহ নানা অপরাধে জড়িত ৩৫ ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র নামধারী ৩৫-৪০ জন সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এঁদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে দেড় বছরে হাটহাজারী ও চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) থানায় ১৪টি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মেয়েদের উত্ত্যক্ত করা, শাটল ট্রেনের বগি দখলে রাখা, মাদক ব্যবহার ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিস্তর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। এঁদের মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের ছাত্র এ এ এম মহিউদ্দিন ও মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হত্যাকাণ্ডের সঙ্গে এই ৩৫-৪০ জনের কেউ কেউ জড়িত থাকতে পারেন বলে তাদের কাছে তথ্য আছে। আসাদ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সেই বিষয়ে অবশ্য এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র জানায়, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া পাঁচ ছাত্রকে রেলওয়ে পুলিশ আজকালের মধ্যে হারুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে পারে। এ পাঁচ ছাত্রকে রিমান্ডে আনারও প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে পুলিশ। এ পাঁচজন হলেন জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল, আসতারুল হক ওরফে আকতার, রাসেল বড়ুয়া, শান্তনু মহাজন ও রায়হান উদ্দিন। ব্ল্যাক জুয়েল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক। এ পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে।চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্ল্যাক জুয়েলসহ গ্রেপ্তার পাঁচ ছাত্রকে আমরা আজকালের মধ্যে হারুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখাব। তাঁদের রিমান্ডে নিতে আদালতে আবেদন করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা ধরনের অপরাধের সঙ্গে ৩৫-৪০ ছাত্র জড়িত। এঁদের আমরা চিহ্নিত করেছি। ইতিমধ্যে পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক হাটহাজারী থানার একজন উপপরিদর্শক (এসআই) বলেন, আসাদ হত্যার জের ধরে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় গ্রেপ্তার ব্ল্যাক জুয়েল জিজ্ঞাসাবাদে পুলিশকে কয়েকজন ছাত্রের নাম জানিয়ে বলেছেন, তাঁদের গ্রেপ্তার করা হলে মহিউদ্দিন ও হারুন হত্যার কারণ জানা যাবে।ব্ল্যাক জুয়েল প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন ও হারুন হত্যার ঘটনায় চার-পাঁচজন ছাত্র জড়িত থাকতে পারে। এই দুই ছাত্র কেন খুন হয়েছেন, কার নির্দেশে খুন হয়েছেন—তা জানতে হলে এঁদের গ্রেপ্তার করতে হবে। ক্যাম্পাসে তাঁদের নিয়মিত যাতায়াত আছে। গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে আমি তাঁদের নাম বলেছি।’ ঘুরেফিরে ১৭ জন: ছাত্র নামধারী ১৭ সন্ত্রাসী ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাঁরা হলেন ব্ল্যাক জুয়েল, লুত্ফর রহমান ওরফে বাবু, মো. রকিব হোসাইন, মো. শিহাবুন সাকিব ভূঁইয়া, রাসেল বড়ুয়া, সজিব শহীদ ওরফে পাগলা শহীদ, ইকবাল, অমিত বসু, সিতাপ, ইরফান, আসতারুল হক, রায়হানউদ্দিন, শান্তনু মহাজন, ফয়সল, রাশেদুল হান্নান ওরফে রাজীব ও এ কে এম সোহেল রানা খান। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে দুই থেকে ১৪টি পর্যন্ত মামলা আছে বলে পুলিশ সূত্র জানায়। বহিষ্কার হন যাঁরা: রামদা, কিরিচ ও ছুরি ব্যবহার করে প্রতিপক্ষ ছাত্রের ওপর হামলার ঘটনায় ব্ল্যাক জুয়েল, মোহাম্মদ রাশেদুল হান্নান ওরফে রাজীব, আকতার, আহসান সিদ্দিকী ওরফে রিমন, মাহমুদুর রহমান, রকিব, ইফতেখার হায়দার মুরাদ, এইচ এম ফজলে রাব্বী ওরফে সুজনকে গত বছরের ১৯ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ষোলশহর রেলস্টেশনে রামদা ও ছুরি দিয়ে এক ছাত্রকে জখম করার ঘটনায় গত বছরের ২২ এপ্রিল বহিষ্কৃত হন ইমাদ আহমেদ। দুজন জ্যেষ্ঠ শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় গত বছরের ৩ জুন বহিষ্কৃত হন জাহিদুর রহমান। একজন শিক্ষককে জুতা মারার দায়ে গত বছরের ৬ জুন দয়ালচন্দ্র দেবনাথ, একজন ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে গত বছরের ২৫ অক্টোবর মো. ছালিকউদ্দিন, শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ ও ক্যামেরা-ভিডিও ভাঙচুরের দায়ে গত বছরের ২৫ আগস্ট কাজী আলম ও শান্তনু মহাজন, বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর মো. নুরুজ্জামান গত বছরের ১৪ আগস্ট, গত বছর বিজয় দিবসের অনুষ্ঠানে হট্টগোল করার দায়ে মুহাম্মদ জাবেদুল আলম ওরফে তারেককে বহিষ্কার করা হয়। ক্যাম্পাসের খণ্ডচিত্র: সেনাবাহিনীর একজন মেজর পয়লা বৈশাখে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে যান। ছাত্রীনিবাসের সামনে হবু স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন ওই মেজর। পাশেই চলছিল পয়লা বৈশাখের জাঁকজমক অনুষ্ঠান। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী গিয়ে মেজরকে চড়-থাপড় মেরে তাঁর দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। মেজর পরে পুলিশকে ঘটনাটি জানান। হাটহাজারী থানার ওসি মহিউদ্দিন বলেন, ‘ছাত্র নামধারী সন্ত্রাসীরা এ কাণ্ড ঘটিয়েছে। আমরা মোবাইল ফোনসেট উদ্ধারের পর সন্ত্রাসীদের ধরব।’ মার্কেটিং বিভাগের ছাত্র ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের যুগ্ম আহ্বায়ক কামরুল আহসানের কাছ থেকে কয়েকজন ছাত্র গত ৬ ফেব্রুয়ারি ১৫০ টাকার স্ট্যাম্পে জোর করে সই নেন। কামরুলের কাছে দুই লাখ টাকা পাবে বলে স্ট্যাম্পে লেখা হয়। এ ব্যাপারে কামরুল ঘটনাটি পুলিশকে জানান। হাটহাজারী থানার ওসি ঘটনাটি নিশ্চিত করে বলেন, ব্ল্যাক জুয়েল, রকিব, শান্তনু, আকতার, রিয়েলসহ কয়েকজন এ ঘটনায় জড়িত। এরা ধারালো অস্ত্রের মুখে কামরুলের কাছ থেকে জোর করে সই নেয়। তিনি বলেন, ঘুরেফিরে কয়েকজন ছাত্র ক্যাম্পাসে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছেন।পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও স্থানীয় বাসিন্দা সরওয়ার কামাল স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে আসেন। এ সময় ব্ল্যাক জুয়েলসহ কিছু ছাত্র সরওয়ারের স্ত্রীকে লাঞ্ছিত করেন। তিনি বাধা দিলে তাঁরা তাঁর মাথা ফাটিয়ে দেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ব্ল্যাক জুয়েলসহ নয়জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন। এদিকে উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘আমি ক্যাম্পাসে চাঁদাবাজি ও হল দখল করতে দিচ্ছি না বলে কিছু ছাত্র ও অছাত্র আমার বিরুদ্ধে লেগেছে। বহিষ্কৃত ও অছাত্ররা ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে।’