হত্যায় ব্যবহূত পিস্তল উদ্ধার, পাঁচ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে যুবলীগের কর্মী আবু বক্কর ওরফে রাসুকে হত্যা করার কাজে ব্যবহূত পিস্তলটি পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার রাতে শহরের কানাইখালী এলাকার একটি দোকান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে আজ বৃহস্পতিবার এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন মুখ্য বিচারিক হাকিম আদালত। এই পাঁচ আসামি হলেন তৌহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, উজ্জ্বল হোসেন, রানা ও সুমন। এর মধ্যে পরের দুজনকে গতকাল রাতে রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীমণ্ডা গ্রামের আবদুর রশিদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।নাটোর থানা সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে রানার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যা কাজে ব্যবহূত পিস্তলটি পুলিশ শহরের কানাইখালী এলাকার ‘আর্ট অব দ্য বাংলাদেশ’ নামের একটি দোকান থেকে উদ্ধার করে। পরে আজ গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের উপপরিদর্শক (সিএসআই) ওয়াহেদ হোসেন আদালতকে বলেন, আসামিদের রিমান্ডে নেওয়া হলে তাদের কাছ থেকে অন্য আসামিদের পরিচয় জানা সম্ভব হবে। আসামিদের পক্ষে আইনজীবী আরিফুর রহমান রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া যুবকরা যুবলীগের মূলধারার কেউ না। ২৩ মে রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকায় যুবলীগের কর্মী আবু বক্করের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২৬ মে তৌহিদুল, সাজেদুল ও উজ্জ্বলকে পুলিশ গ্রেপ্তার করে।