হবিগঞ্জ ও ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
হবিগঞ্জ ও ভোলায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ: লাখাই থানা পুলিশ জানায়, হবিগঞ্জ-লাখাই সড়কে হবিগঞ্জের রিচি গ্রামের কাছে আজ ভোরে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে গৌরহরি মোদক (৪৫) ও বদরুদ্দিন (২০) নামে দুজনের মৃত্যু হয়। ট্রাকটি হবিগঞ্জ শহর থেকে লাখাই উপজেলার বুল্লা বাজারে যাচ্ছিল। নিহত ব্যক্তিরা ট্রাকে করে বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনার পর পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার বরুনের দোকান মোড়ে দেশীয় ইনিঞ্জনচালিত যাত্রীবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ১৩ জন আহত হয়। নিহতের নাম আ. জলিল। নসিমন যাত্রী জলিলের বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায়। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নসিমনের চালক নুরুজ্জামান বাছেতকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। নসিমনটি তাদের হেফাজতে আছে। চালককে আসামি করে পুলিশ একটি মামলা করেছে।