হবিগঞ্জ থেকে রাবার পাচার হচ্ছে নৌপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কপথে রাবার পাচারে ঝুঁকি থাকায় এবার পাচারকারীরা নৌপথকে বেছে নিয়েছে। ১ অক্টোবর হবিগঞ্জ থেকে নৌপথে ভৈরবে পাচারকালে ৩০ লাখ টাকার চোরাই রাবার আটক করলে পুলিশ আটককারীদের স্বীকারোক্তি থেকে এ তথ্য উদ্ঘাটন করেছে।হবিগঞ্জ জেলায় শাহজীবাজার ও রপাইছড়ার সরকারি দুইটি রাবার বাগানসহ বেসরকারি ২০-২২টি রাবার বাগান রয়েছে। বিশেষ করে সরকারি রাবার বাগান থেকে প্রক্রিয়াজাত রাবার চুরির অভিযোগ প্রায়ই শোনা যায়। গত এক বছরে চোরাই পথে এ রাবার পাচারের ঘটনায় হবিগঞ্জের মাধবপুর, বাহুবল ও হবিগঞ্জ সদর থানায় শতাধিক মামলা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, চোরাই রাবার বোঝাই একটি ইঞ্জিন-চালিত নৌকা হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদী থেকে ভৈরবে যাচ্ছিল। নৌকাটি বানিয়াচং উপজেলার রত্মা নদীর বলাকীপুরে কাছে পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। লোকজন তখন নদী থেকে নৌকাটি আটক করে। পরে দেখা যায়, পুরো নৌকায় রাবার। এর ওজন প্রায় ১০ হাজার কেজি। এলাকাবাসী বানিয়াচং থানার পুলিশকে খবর দিলে পুলিশ রাবারসহ এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলু মিয়া।ফজলু মিয়া জানান, এ রাবারের মালিক বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুদ্দত আলীর সোনার বাংলা এন্টারপ্রাইজের। তিনি সোনার বাংলার একটি ভাউচার জমা দেন পুলিশের কাছে। তিনি আরও জানান, এ রাবার বিক্রয়ের জন্য ভৈরব নিয়ে যাচ্ছিলেন। পুলিশ চালান দেখতে চাইলে আটককৃত ব্যক্তি ২০০৮ সালের টেন্ডারের মাধ্যমে কিছু রাবার ক্রয়ের পুরোনো কাগজপত্র দেখান। পাশাপাশি বাহুবল উপজেলার মিরপুরের হেকিম মিয়ার ইস্টার্ন এন্টারপ্রাইজ এবং সাতাগাঁও এলাকার ফুল মিয়ার দাশ এন্টারপ্রাইজের কিছু রাবার রয়েছে বলে দাবি করেন ফজলু মিয়া। তিনি আরও জানান, কিছুদিন ধরে তাঁরা নৌপথ দিয়ে এ রাবার ভৈরবে নিয়ে বিক্রি করেন।এ ব্যাপারে সোনার বাংলা এন্টারপ্রাইজের মালিক মুদ্দত আলী বলেন, যে রাবারগুলো আটক করা হয়েছে, এগুলো সরকারি বাগানের রাবার। চোরাকারবারীরা তা এসিড দিয়ে জ্বালিয়ে প্রক্রিয়াজাত করে চাকা চাকা (খণ্ড খণ্ড) করে পাচার করে। এতে কোনো কোম্পানির সীট নেই। আমি সব সময়ই প্রাইভেট কোম্পানি থেকে আর এস এস সীটকৃত রাবার ক্রয় করি। আটককৃত রাবার আমার নয়, আমার ও আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে।শাহজীবাজার এলাকার আবদুল কাইয়ুম বলেন, এলাকায় সরকারি রাবার পাচার করে অনেকেই লাখপতি হয়েছে। এর সঙ্গে রাবার বাগানের কর্মচারী-কর্মকর্তারা সব সময়েই জড়িত থাকে। তিনি আরও বলেন, এ বাগানে অনেক কর্মকর্তা জীবন কাটিয়ে ফেলেছেন এক কর্মস্থলে। তাঁদের কোনো বদলি হয়নি। এ প্রথার পরির্বতন না আনলে শাহজীবাজার বা রূপাইছড়া রাবার বাগান বলেন, কোনো বাগানই রক্ষা করা সম্ভব হবে না।বাহুবল উপজেলার রূপাইছড়া সরকারি রাবার বাগানের ব্যবস্থাপক মিয়া তোফায়েল আহমেদ বলেন, সরকারি রাবার বাগান অনেক বড়। চুরি হলেও তা বোঝার উপায় নেই। সব সময় রাবার চুরি হচ্ছে। তবে বেসরকারি উদ্যোগে অনেক বাগান গড়ে ওঠায় প্রাইভেট কোম্পানির রাবারের সঙ্গে মিশিয়ে সেগুলো পাচার করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, এ এলাকার রাবার আগে স্থলপথে পাচার হতো। পুলিশ এ বিষয়ে কড়াকড়ি হওয়ার কারণে চোরাকারবারীরা এখন নৌপথকে বেছে নিয়েছে। তারা রত্না নদী ও কালনী হয়ে মেঘনা নদী দিয়ে ভৈরবে রাবার পাচার করছে। তবে এ পথও পুলিশ রোধ করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।