হবিগঞ্জ পৌরবাসী আরও তিন লাখ গ্যালন পানি পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরবাসী প্রতিদিন এখন থেকে আরও তিন লাখ গ্যালন পানি পাবেন। পাশাপাশি ৮০০ গ্রাহক নতুন সংযোগের সুযোগ পাচ্ছেন। ৩০ জানুয়ারি হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড-সংলগ্ন পৌর পানি সরবরাহের লৌহ দূরীকরণ দ্বিতীয় প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এ সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে চার কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকা।ওই দিন হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি উদ্বোধন করেন। পৌরসভা সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পৌর এলাকায় পানিসংকট দীর্ঘদিনের। পানি সরবরাহের জন্য যে প্রকল্পটি চালু ছিল তা দিয়ে শহরবাসীর চাহিদা মেটানো কোনোভাবে সম্ভব ছিল না। পৌর এলাকার ৪০ ভাগ লোক এ পানি পেতেন। এ নিয়ে পৌর নাগরিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছিল। অবশেষে ২০০৬ সালের ১৬ অক্টোবর হবিগঞ্জ পৌর এলাকায় পানি সরবরাহের জন্য দ্বিতীয় প্রকল্পটি একনেকের অনুমোদন পায়। প্রকল্পের ব্যয় অনুমোদিত হয় চার কোটি টাকা। পরে তা বেড়ে আরও প্রায় ৩০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ আসে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে। হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় ৫৬ শতাংশ জায়গাজুড়ে প্রকল্পটি রয়েছে। হবিগঞ্জ পৌর পানি সরবরাহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘প্রথম প্রকল্প থেকে আমরা প্রতিদিন তিন লাখ গ্যালন পানি পেলেও গ্রাহক চাহিদা তা দিয়ে মেটাতে পারতাম না। যে কারণে সব সময়ই সংকট লেগে থাকত। নতুন প্রকল্পটি চালু হওয়ায় দুটি প্রকল্পের মাধ্যমে আমরা দুই হাজার গ্রাহককে প্রতিদিন ছয় লাখ গ্যালন পানি সরবরাহ করতে পারব।’