হবিগঞ্জে আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত কার্যকর হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে আইনশৃঙ্খলা সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী সময়ে তা আর কার্যকর হয় না। যে কারণে জেলার প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি সাধারণ মানুষের আইনের প্রতি বিশ্বাস কমে। ২০ মে হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় বক্তারা এ অভিযোগ করেন।ওই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, ইভ টিজিং বর্তমানে সামাজিক অপরাধের মধ্যে অন্যতম। ইভ টিজিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করা প্রয়োজন। মন্ত্রী আরও বলেন, হবিগঞ্জে চোরাচালান পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিডিআর কার্যক্রম আরও জোরদার করা হবে।হবিগঞ্জ সদরের সাংসদ আবু জাহির বলেন, হবিগঞ্জে নতুন সড়কের দুই পাশে রেলওয়ের ভূমি একের পর এক বেদখলে চলে যাচ্ছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে এই বিভাগের ভূমি আর খুঁজে পাওয়া যাবে না। তিনি হবিগঞ্জ পৌরসভার ভূমি বেদখলে চলে যাচ্ছে উল্লেখ করে বলেন, এর সঙ্গে জড়িত লোকজনের পূর্ণাঙ্গ একটি তালিকার কথা আগে বলা হলেও এখনো সেই দখলদারদের তালিকা প্রকাশ করা হচ্ছে না। সাংসদ হবিগঞ্জের স্থানীয় সংবাদপত্রের সমালোচনা করে বলেন, তারা মানুষের বিরুদ্ধে সংবাদ লিখে পরে আবার টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপে। এই অপতৎপরতা বন্ধ করা উচিত। সভায় আরও বক্তব্য দেন মুশফিক হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, আবুল ফজল, আকবর হোসেন, আলমগীর চৌধুরী প্রমুখ।সভায় জেলার আটটি উপজেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত থাকলেও কেউ বক্তব্য দেননি। তবে তাঁদের পক্ষে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরয়ার হাদী গাজী বলেন, ‘আমাদের বক্তব্য দেওয়া লাগবে না। কারণ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা বক্তব্য দিলেই চলবে।’