হবিগঞ্জে আমি নাকি দ্বৈত ভূমিকা পালন করেছি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে জনগণ সরকারের ওপর থেকে সুদৃষ্টি ফিরিয়ে নেবে। সরকারকে বিপদে পড়তে হবে। বর্তমান সরকারের সফলতার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও ব্যর্থতা রয়েছে।আজ মঙ্গলবার টাঙ্গাইলের ভাসানী হলে আয়োজিত জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।এরশাদ আরও বলেন, ‘একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হরতাল হয় না। হরতাল যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় হয়, ততই মঙ্গল। সংসদে যাব না, হরতাল করে জনগণকে কষ্ট দেব—এ সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। বিগত সংসদ নির্বাচনে মহাজোটে জাতীয় পার্টিকে ৪৮টি আসন দেওয়া হলেও পরে আওয়ামী লীগ ১৭টি আসনে প্রার্থী দিয়েছিল, যাতে আমি বেশি আসন না পাই। অথচ আমি হবিগঞ্জে প্রার্থী দেওয়ায় বলা হয়, আমি নাকি দ্বৈত ভূমিকা পালন করেছি।’আওয়ামী লীগের উদ্দেশে এরশাদ বলেন, ‘অতীতকে ভুলে যাবেন না। ভবিষ্যতের কথা স্মরণ রাখুন।’জেলা জাতীয় পার্টির সভাপতি বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আবুল কাসেম, কাজী মাহমুদ হাসান, জহিরুল ইসলাম, আবদুস সালাম চাকলাদার, খন্দকার নাজিম উদ্দিনসহ অনেকেই বক্তব্য দেন।পরে বুলবুল খান মাহবুবকে সভাপতি ও আবদুস সালাম চাকলাদারকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।