হবিগঞ্জে ইভ টিজিং বন্ধে শপথ ও শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে ইভ টিজিং ও বখাটেপনা বন্ধে এক মঞ্চে দাঁড়িয়ে শপথ নিল শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের এ শপথের পাশে এসে দাঁড়ান এলাকার সাংসদ, রাজনীতিক ও প্রশাসনের কর্মকর্তারা। এ শপথ ও শোভাযাত্রার আয়োজন করা হয় হবিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ১৮ মে সকাল থেকে হবিগঞ্জ সার্কিট হাউসের সামনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় ইভ টিজিং ও বখাটেপনা বন্ধের আন্দোলনে শরিক হওয়ার জন্য। তাদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে এই মঞ্চে আসেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহির, জেলার বিভিন্ন দলের রাজনীতিক, হবিগঞ্জের জেলা প্রশাসক মাসুদ হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া এবং জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির ছাত্রনেতারাসহ সমাজের নানা পেশার লোকজন।এক মঞ্চে দাঁড়িয়ে ছাত্ররা বলে, তারা এখন থেকে আর ইভ টিজিং করবে না। এমনকি কাউকে করতে দেবে না। ছাত্রীরা বলে, তারা স্কুল-কলেজে যেতে পারে না বখাটেদের কারণে। তারা চায়, এখন থেকে তাদের সেই বাধা যেন চিরতরে দূর হয়। হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এখন থেকে কোনো ছাত্রী বখাটেপনার শিকার হলে, তারা যেন ০১৭১৩৩৭৪৩৯৮ নম্বরে ফোন করে ওসিকে অবহিত করে। সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সর্বস্তরের নেতা-কর্মীদেরও অংশ নেওয়ার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আলমগীর চৌধুরী প্রমুখ।