হবিগঞ্জে চুরি রোধ করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে প্রতি রাতে চুরির ঘটনায় শংকিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। প্রতি রাতে শহরে গড়ে চার-পাঁচটি চুরির ঘটনা ঘটছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারায় সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি রাতে শহরের পুরোনো মুন্সেফ আবাসিক এলাকার শিরুল মিয়ার বাসায় চুরির ঘটনা ঘটে। চোর ওই বাসা থেকে মোবাইল ও কাপড়চোপড়সহ প্রায় অর্ধলাখ টাকার মালামাল নিয়ে যায়। এর আগে ২ জানুয়ারি শহরের নোয়াবাদ আবাসিক এলাকায় ব্যবসায়ী সজলুর রহমান এবং তাঁর প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাসায়ও চুরির ঘটনা ঘটে। বাসা দুটি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল খোয়া যায়।এর কয়েকদিন আগে শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার অধিবাসী হুসনা বেগমের বাসায় চুরি হয়। চোরেরা ঘরের জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। একই এলাকার মো. ফরহাদ উদ্দিনের বাসার লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়।নোয়াবাদ এলাকার অধিবাসী একরাম আলী বলেন, গত কয়েক মাস ধরে শহরে চুরির ঘটনা বেড়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও চুরি হচ্ছে। তবে মানুষ পুলিশি ঝামেলার কারণে মামলা করতে চায় না।শায়েস্তানগর এলাকার ব্যবসায়ী কুদ্দুস মিয়া বলেন, গত এক মাসে তার এলাকায় প্রায় ২৫টি চুরির ঘটনা ঘটেছে। চুরির হাত থেকে বাঁচতে এলাকাবাসী এখন রাতে পালাক্রমে পাহারা দিচ্ছে। শহরের অধিবাসী আলমগীর চৌধুরী বলেন, বর্তমানে এলাকায় মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় চুরির মাত্রা বেড়েছে। এ ছাড়া রাতে আবাসিক এলাকায় পুলিশি টহল না থাকায় সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে মাদকসেবীরা। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, গত কয়েকদিনে আমরা বেশকিছু চোর আটক করেছি। কিন্তু তারা আদালত থেকে জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়িত হচ্ছে। ফলে তাদের আইনগতভাবে রোধ করা যাচ্ছে না। তিনি চুরি প্রতিরোধে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।