হবিগঞ্জে ডিবি পুলিশের গুলিতে কৃষক নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা আলীনগর গ্রামে গোয়েন্দা পুলিশের গুলিতে নূরুল ইসলাম (৬০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নূরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী জেবু মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি জেবু মিয়া মাদক ব্যবসায়ী। জেবুকে গ্রেপ্তারের সময় নূরুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ডিবি পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বেলায়েত নূরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। নূরুল ইসলামের বাঁ-পায়ের ঊরুতে গুলি লেগে বেশ রক্তক্ষরণ হয়। মাধবপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পুলিশ জেবু মিয়াকে পথে ছেড়ে দেয়। নিহতের পরিবারের অভিযোগ, জেবুর বিরুদ্ধে কোনো মামলা নেই। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, আসামি ধরতে গিয়ে ডিবি পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এ ঘটনায় পুলিশের একটি গুলি নূরুল ইসলামের পায়ে লাগে এবং তিনি মারা যান।হবিগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বোতল ফেনসিডিলসহ জেবুকে তাঁর বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় জেবুর অন্য সঙ্গীরা পালিয়ে গিয়ে ডাকাত ডাকাত বলে চিত্কার করলে গ্রামবাসী ছুটে এসে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের গাড়িচালকসহ পাঁচজন আহত হয়। জেবু পালিয়ে যায়।এদিকে ডিবি পুলিশের বক্তব্যকে মিথ্যা উল্লেখ করে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বরং তিনি গ্রামবাসীর দেওয়া বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন।হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।