হবিগঞ্জে ডিবি পুলিশের ৪ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী আলীনগর গ্রামে ডিবি পুলিশের গুলিতে নুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা বিভাগের চার সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাস মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।নিহত নূরুল ইসলামের স্ত্রী জরিনা খাতুন বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হচ্ছেন হবিগঞ্জ গোয়েন্দা শাখার উপপরির্দশক (এসআই) বেলায়েত হোসেন, কনস্টেবল জাহিদ হোসেন, কনস্টেবল মাহফুজুর রহমান, কনস্টেবল আনিসুর রহমান ও একই উপজেলার মহনপুরের আতাউর রহমান ও শাহিন মিয়া।মামলার অভিযোগে বলা হয়, আতাউর রহমান ও শাহিন মিয়া ডিবি পুলিশের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ ভারতীয় মালের চোরকারবার করে আসছিলেন। তাঁরা প্রায়ই নিহত নুরুল ইসলামের বাড়ির উঠান দিয়ে মালামাল পরিবহন করতেন। ২৮ আগস্ট আতাউর রহমান ও শাহিন মিয়া তাঁদের কয়েকজন সঙ্গীসহ ভারতীয় শাড়ি নিয়ে নুরুল ইসলামের বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় নুরুল ইসলামের ছেলে জেবু মিয়া বাধা দিলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গত ২৯ আগস্ট রাত আনুমানিক ১২টায় সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের চার সদস্য নুরুল ইসলামের বাড়িতে গিয়ে জেবু মিয়াকে মারধর করেন। পরে জেবু মিয়াকে থানায় নিয়ে যাওয়ার সময় নুরুল ইসলাম ও তাঁর আত্মীয়রা আটকের কারণ জানতে চাইলে ডিবি পুলিশের পক্ষ থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি। এতে এলাকার লোকজন প্রতিবাদ জানান। এ সময় ডিবির এসআই বেলায়েত হোসেনের হুকুমে কনেস্টবল জাহিদ হোসেন শটগান দিয়ে গুলি চালালে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। হাসপতালে নেওয়ার পথে তিনি মারা যান।