হবিগঞ্জে পুলিশ-ভূমিহীন সংঘর্ষে গুলিবিদ্ধ ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম বাউয়ানি চা-বাগানে ভূমিহীন গ্রামবাসীদের জোরপূর্বক উচ্ছেদকালে ভূমিহীন গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধ। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত ৪০ জন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।হবিগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় সরকারী খাসভূমি নিয়ে দীর্ঘ দিন ধরে ২০০ ভূমিহীন পরিবারে সঙ্গে পার্শ্ববর্তী ইমাম-বাউয়ানি ব্যক্তির মালিকানাধীন চা-বাগান কর্তৃপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বাগান কর্তৃপক্ষের দাবি, ভূমিহীনরা তাদের ভূমি দখল করছে। আর ভূমিহীনরা বলছে, তারা যুগ যুগ ধরে এই জায়গায় বসবাস করে আসছে। বাগান কর্তৃপক্ষ বারবার তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও হামলা-মামলা করেছে।এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের একটি দল খাসজমি থেকে তিনটি পরিবারকে উচ্ছেদ করতে গেলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ কয়েকটি গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ১৫ জন গুলিবিদ্ধ হওয়া ছাড়াও অন্তত ৪০ জন আহত হন। আহত ব্যক্তিদের হবিগঞ্জ সদর জেলা হাসপাতাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভূমিহীন সিরাজউল্লাহ জানান, পুলিশ তাদের ওপর হামলা ও গুলি ছুড়ে নিরপরাধ লোকজনকে আহত করেছে। পাশাপাশি ১৫টি বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য কাল এলাকাবাসীদের এক বৈঠকে বসা হবে।হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান জানান, ওই এলাকার উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়েছেন, বিষয়টি দেখবেন ও সামাজিকভাবে সমস্যার সমাধান করবেন।