হবিগঞ্জে ভুয়া চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকার অধিবাসী নজরুল ইসলাম এক বছর ধরে তাঁর দাঁতের চিকিৎসা করে আসছেন শহরের বদিউজ্জামান খান সড়কের ঝর্না ডেন্টাল কেয়ার ক্লিনিকের চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্যের কাছে। এ চিকিৎসায় তিনি কোনো সময়েই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তার পরও চিকিৎসক বদল করেননি ভালো হওয়ার আশায়। তবে ১৯ আগস্ট নজরুল ইসলামের বিশ্বাস ভাঙে, যাঁর কাছে এতদিন চিকিৎসা নিয়ে আসছিলেন, তিনি একজন ভুয়া চিকিৎসক। জেলা স্বাস্থ্য বিভাগ এ ভুয়া চিকিৎসকের সব কাগজপত্র যাচাই-বাছাই করে এর সত্যতা পায় এবং প্রতারণার অভিযোগে তাঁকে ওই দিন বিকেলে জেলহাজতে পাঠিয়ে দেয়।ভুয়া চিকিৎসক বিশ্বজিৎ ১০ বছর ধরে হবিগঞ্জ শহরে নিজেকে ডেন্টাল সার্জন পরিচয় দিয়ে চিকিৎসাপ্রতিষ্ঠান ঝর্না ডেন্টাল কেয়ার গড়ে তোলেন তাঁর মালিকানায়। এ চিকিৎসক সরকারি সংস্থার কাছে নিজের যোগ্যতার কাগজপত্র দেখাতে ব্যর্থ হলেও তিনি সবাইকে হতবাক করেছেন সর্বশেষ বিসিএস পরীক্ষার তিনি একজন পরীক্ষার্থী ও প্রবেশপত্র দেখিয়ে। তাঁর এ বিসিএস পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যাচাই-বাছাই চলছে বলে জানান হবিগঞ্জের সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরী।জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, জেলায় প্রায় শতাধিক ভুয়া চিকিৎসকের একটি তালিকা রয়েছে তাদের। এ তালিকা অনুযায়ী তারা মাঝেমধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। আবার এ ধরনের কোনো কোনো ভুয়া চিকিৎসককে এ ব্যবসা ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কেউ এ নির্দেশকে গুরুত্ব দিচ্ছে, আবার কেউ কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছে।হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নাজমা আক্তার রীনা। তিনি চিকিৎসক পরিচয়ে শিশু ও নারীদের চিকিৎসা করে আসছেন দীর্ঘ দিন ধরে। তিনি একসময় কুমিলা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সহকারী ছিলেন। চাকরি শেষে হবিগঞ্জে তিনি শিশু ও মহিলা রোগে অভিজ্ঞ চিকিৎসক পরিচয়ে সাইনবোর্ড টানিয়ে ব্যবসা করে আসছেন ১১ বছর ধরে। তাঁর এ ভুয়া ব্যবসার কারণে গত জুলাই মাসে হবিগঞ্জের ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের মধ্যে হবিগঞ্জ ছাড়ার নির্দেশ দেন। তার পরও তিনি হবিগঞ্জ ছাড়েননি। চলতি আগস্ট মাসের প্রথম দিকে একই ভ্রাম্যমাণ আদালত মমতাজ বেগম রিনাকে ভুয়া চিকিৎসা দেওয়ার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তার পরও তিনি একই জায়গায় চিকিৎসক সাইনবোর্ড টানিয়ে তাঁর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আজমিরীগঞ্জ উপজেলা সদরে মেডিকেল স্টোর ফার্মেসিতে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কামারকেহুন্দা গ্রামের শামছুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগে জেলা স্বাস্থ্য বিভাগ চলতি মাসের প্রথম দিকে তাঁর সনদপত্র যাচাই-বাছাই করতে গিয়ে দেখতে পায়, তাঁর কোনো চিকিৎসা সনদ নেই। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।তালিকা অনুযায়ী এ ভুয়া পদবি ব্যবহারকারী চিকিৎসকেরা হলেন আশুতোষ রায়, হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার নিউ পারভিন চিকিৎসা কেন্দ্রের মালিক এম এ আলীম, তিনকোনা পুকুরপাড় এলাকার এ এস এম সারোয়ার, শায়েস্তানগর এলাকার আবদুর রশীদ চৌধুরী, খোয়াই নদীর উত্তর পাশের এশিয়া সেন্টারের আফসার উদ্দিন, জোবায়ের, তালেব উদ্দিন, শায়েস্তাগঞ্জ পুরান বাজারের নিজামউদ্দিন, নবীগঞ্জের আবদুল কাশেদ, আইয়ুব আলী, ইমামবাড়ির আবদুস সালাম, বানিয়াচংয়ের ফজলুল হক, ফরিদ আলী, এনায়েত হোসেন, বাহুবলের রঙ্গু মিয়া, রনবেশ তালুকদার, চুনারুঘাটের সফিক মিয়া, আইয়ুব হোসেন, ফরিদ উদ্দিন, মাধবপুরের অরবিন্দু দাস, রাজু মোদক, এম এস সালেহউদ্দিন, হরলাল রায়, সুফিয়া বেগম, লাখাই উপজেলার মো. মুসলিম উদ্দিন, রজব আলী, আজমিরীগঞ্জ উপজেলার ফরিদ মিয়া, শাহজীবাজারের আবুল হোসেন প্রমুখ।এ ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না জেলা স্বাস্থ্য বিভাগ। তাঁরা প্রত্যেকেই রাজনৈতিক আশ্রয়ে এ ব্যবসা করে আসছেন। যে কারণে জেলা স্বাস্থ্য বিভাগ তাঁদের কাছে অসহায়। এমনটি মনে করেন স্থানীয় অধিবাসীরা।হবিগঞ্জ শহরের অধিবাসী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী বলেন, হবিগঞ্জের মানুষ স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হলেই এ ভুয়া চিকিৎসকেরা সুযোগ পেতেন না।এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রত্যেকেই পৌরসভার ব্যবসাসংক্রান্ত অনুমোদনপত্র দেখান এবং নিজেদের চিকিৎসক দাবির কোনো সনদ দেখাতে পারেননি।সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরী জানান, আলোচিত এ ভুয়া চিকিৎসকদের কারও চিকিৎসক পরিচয় বা মানুষকে চিকিৎসা দেওয়ার যোগ্যতা নেই। তারা ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। জেলা স্বাস্থ্য বিভাগ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অচিরেই এ বিষয়ে আরও অভিযান চালানো হবে বলে সিভিল সার্জন জানান।