হবিগঞ্জে ভোটের আগে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে উপনির্বাচনে ১১ জন ‘প্রিসাইডিং’ ও ‘পোলিং’ কর্মকর্তাকে অপসারণের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে বিএনপি। রিটার্নিং কর্মকর্তা অবশ্য বলেছেন, এই ১১ জনের পাঁচজনকে তাঁরা নির্বাচনের দিন কোনো দায়িত্ব দেননি।আওয়ামী লীগের সাংসদ দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে শূন্য হওয়া এই আসনটিতে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে। ভোটের আগের দিন গতকাল বুধবার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ তাদের বিজয় ছিনিয়ে নিতে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এ জন্য প্রশাসনকে ব্যবহার করছে। আর আওয়ামী লীগ বলছে, এই আসনে বিএনপি কখনোই জিতেনি। এবার তারা কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।আওয়ামী লীগ অবশ্য বলছে, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ জন্য তারা আগে থেকে নানা অভিযোগ করে রাখছে।এদিকে প্রশাসন উপনির্বাচনে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এরই মধ্যে সব দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। তারা একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করছে।১১ জনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ: গত মঙ্গলবার বিএনপির প্রার্থীর প্রধান সমন্বয়কারী ও নির্বাচনী এজেন্ট ছাবির আহমেদ চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি চিঠিতে ১১ জন ‘প্রিসাইডিং’ ও ‘পোলিং’ কর্মকর্তার নাম উল্লেখ করে নির্বাচনী দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান। তাঁরা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ও সভা-সমাবেশে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এই ১১ জনের সবাই বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় চাকরি করেন।অবশ্য প্রথম আলোর সঙ্গে আলাপকালে ছাবির আহমদ চৌধুরী এঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা বলতে পারেননি। তিনি বলেন, ‘এঁদের সঙ্গে আওয়ামী লীগের সখ্য আছে। তাঁদের চলাফেরা আমাদের কাছে আশঙ্কাজনক।’ কীভাবে এঁদের আওয়ামী লীগের কর্মী বলছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ হয়তো বা বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ বা সরাসরি মিটিং-মিছিল করছেন।’ কে কোথায় এই কাজ করেছেন—জানতে চাইলে ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘এটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে না, এ বিষয়টি যে জানে সে এখানে নেই।’এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এমরান বলেন, ‘বিএনপি যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাঁদের মধ্যে পাঁচজন নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়নি। বাকি ছয়জনকে আমরা সতর্ক করে দিয়ে বলেছি, তাঁরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে চাকরির সমস্যা হবে।’বিএনপির কাছে ‘ঝুঁকিপূর্ণ’ ও প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র: বিএনপির পক্ষ থেকে নবীগঞ্জ ও বাহুবলের ১৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আটটিকে তারা ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ বলছে। প্রশাসনের কাছে তারা এ বিষয়ে একটি তালিকাও দিয়েছে। বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া বলেন, তাঁরা আশঙ্কা করছেন, এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ কারচুপি করতে পারে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবু জাহিদ বলেন, বিএনপি সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করতে পারে। এখন নির্বাচন কমিশন যেকোনো ব্যবস্থা নিতে পারে।রিটার্নিং কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, তাঁরা কোনো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ মনে করছেন না। তবে ৯২টি কেন্দ্রকে তাঁরা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। দুর্বল যাতায়াতব্যবস্থা, উপজেলা সদর থেকে দূরত্বের হিসেবে এসব কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। তবে তাঁরা আশা করছেন, ভোট গ্রহণও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।নিরাপত্তাব্যবস্থা: রিটার্নিং কর্মকর্তা জানান, ১৭৫টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই ২৭ জন করে নিরাপত্তারক্ষী থাকবেন। এর মধ্যে অস্ত্র থাকবে ১৫টি। ১০ জন পুলিশ, তিনজন আর্মড পুলিশ, দুজন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া থাকবেন ১২ জন লাঠিধারী আনসার সদস্য। এঁদের ছয়জন হবেন নারী। এ ছাড়া দুই প্লাটুন র‌্যাাব ও এক কোম্পানি বর্ডার গার্ডস স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গতকাল দুপুরে হবিগঞ্জ শহরে এক সংবাদ সম্মেলনে আবারও ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। তাঁর দাবি, সেনা মোতায়েন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও অন্য কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার গভীর রাতে সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করেছেন। আর নির্বাচনী প্রচার বন্ধের পরও গতকাল আওয়ামী লীগের প্রার্থী এলাকায় ভোট চেয়েছেন। এ ছাড়া গত দুই দিনে নবীগঞ্জে যুবদলের নেতা জিয়াউর রহমানসহ তাঁদের ১৮ জন দলীয় কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসব নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা।বিএনপির সাংসদ নজরুল ইসলাম, শহীদ উদ্দিন চৌধুরী, শাম্মী আখতার প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।অবশ্য নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করেনি।বিএনপির সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাংসদ আবু জাহিদ বিএনপির অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে রাতে ছিলেন। সকালেই তাঁরা হবিগঞ্জ ছেড়ে চলে গেছেন। সেখানে কোনো বৈঠক হয়নি। আর আওয়ামী লীগের প্রার্থী গতকাল সারা দিন হবিগঞ্জ সদরে ছিলেন, নির্বাচনী এলাকায় যাননি।আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, সাংসদ আবদুল মজিদ খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।