হবিগঞ্জে মানসম্মত স্কুল না থাকার কারণে শিক্ষার্থীদের নিয়ে দুঃশ্চিন্তায় অভিভাবকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিয়েছিল পৌর এলাকার সাদিয়া পারভিন। ফলাফল যখন বের হলো, মেধা তালিকায় তার নাম না থাকায় কান্না করতে থাকে। তার কান্নার সঙ্গে তার মায়ের কান্নাও জড়িত হলে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে বিষাদময়। শুধু সাদিয়াই নয়, তার মতো অনেক শিক্ষার্থীকে এভাবে কাঁদতে হয় একটি ভালো বিদ্যালয়ে পড়ার ইচ্ছা নিয়ে। হবিগঞ্জ জেলা সদরে বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয় ও সরকারি বালক বিদ্যালয় ছাড়া আর কোনো ভালো স্কুল নেই। হবিগঞ্জ মহকুমা ১৯৮৪ সালে জেলায় পরিণত হয়। বর্তমানে সাত পৌর এলাকাসহ জেলা সদরে প্রায় দুই লাখ লোকের বসবাস। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। এর বিপরীতে এখানে মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুল মাত্র দুটি। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এ দুটি ছাড়া আর কোনো বিদ্যালয় সরকারিকরণ হয়নি। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারি বালক বিদ্যালয়ে প্রতিবছর দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয়। তাদের মধ্যে সুযোগ পায় মাত্র আড়াই শ থেকে ৩০০। বিকেজেসি সরকারি বালিকা বিদ্যালয়ে এ বছর তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা দিয়েছিল ৯৩২ জন। তাদের মধ্যে ভর্তির সুযোগ পায় মাত্র ১৮২ জন। একইভাবে হবিগঞ্জ সরকারি বালক বিদ্যালয়ে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৭৭ জন। তাদের মধ্যে সুয়োগ পায় ১৮৭ জন।এভাবে ভর্তির সুয়োগ না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়তে হয় অভিভাবকদের। অনেকেই বাধ্য হয়ে ভর্তি হচ্ছে নিম্নমানের বিদ্যালয়গুলোতে। এতে করে যথেষ্ট ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।হবিগঞ্জ শহরের পুরোনো মুন্সেফ আবাসিক এলাকার অভিভাবক রাশেদুল হাসান রাশেদ বলেন, যেসব শিক্ষার্থী সরকারি বিদ্যালয়গুলোতে আসন সংকটের কারণে ভর্তি হতে পারে না, তাদের তো মেধাহীন বলা যায় না। তবে তারা সরকারি স্কুলে ভর্তি হতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে।মাহমুদাবাদ আবাসিক এলাকার অধিবাসী সাবেক শিক্ষক হাফিজুর রহমান বলেন, হবিগঞ্জে শিক্ষার্থীর তুলনায় স্কুলের সংখ্যা অপ্রতুল। এ সংকট কাটিয়ে উঠতে শহরের সরকারি দুটি স্কুলকে ডবল শিফটে নেওয়া প্রয়োজন। পাশাপাশি পৌর এলাকার ভেতরে যেসব মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় রয়েছে তা থেকে বাছাই করে একটি বালক ও একটি বালিকা বিদ্যালয় সরকারিকরণ হলে এ সমস্যা কেটে যেত।সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, শুধু রাজধানীমুখী না হয়ে মফস্বলের শিক্ষার দিকেও সরকারের নজর দেওয়া উচিত। মফস্বলে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যতার কারণে মানুষ এখন রাজধানীমুখী হচ্ছে।হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফফার আহমেদ বলেন, জেলা সদরের যে কয়টি সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তার সবকয়টিতে ডবল শিফট চালু করলেই এ সমস্যা দূর করা যাবে। বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার খাতুন বলেন, হবিগঞ্জ জেলা সদরে মেয়েদের জন্য আরও একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে একটি বিদ্যালয়ের ওপর এত চাপ হতো না। পাশাপাশি পালাক্রমে দুই বেলা ক্লাস হলে এ সংকট কাটবে বলে তিনি মনে করেন। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সরকার দেশে ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ ডবল শিফট চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয় শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিয়েছে। আশা করা যায়, ডবল শিফট শুরু হলে এ ভর্তি প্রক্রিয়ার জটিলতা কমবে।