হবিগঞ্জে যুবদলের নেতা খুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার টুকেরবাজারে আজ শনিবার দুপুরে মইনুল হোসেন (৩৫) নামের একজন খুন হয়েছেন। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।ঘটনার জন্য যুবদলের নেতা-কর্মীরা করগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ও তাঁর সমর্থকদের অভিযুক্ত করেছেন। তবে আবদুল কুদ্দুস তা অস্বীকার করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে যুবলীগের নেতা আবদুল কুদ্দুসের সঙ্গে একই এলাকার বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শান্তির বিরোধ চলে আসছিল। জলাশয়ের দখল নিয়ে তাঁরা একে অপরের বিরুদ্ধে মামলাও করেছে। নিহত মইনুল শান্তির ছোট ভাই।নিহতের ভাই শাহাবুদ্দিন শান্তির দাবি, আজ বেলা দেড়টার দিকে মইনুল পারিবারিক কাজে টুকেরবাজারে গেলে আবদুল কুদ্দুসের সমর্থক যুবলীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালান। প্রতিপক্ষের বল্লমের আঘাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তবে যুবলীগের নেতা আবদুল কুদ্দুস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। ঘটনার সময় তিনি এলাকার বাইরে ছিলেন। এ ব্যাপারে দলের কেউ জড়িত আছে কি না, তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, পূর্ববিরোধের জের ধরে মইনুল খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।