হবিগঞ্জে র্যাব-ডাকাত গুলিবিনিময়, একজন আটক
হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সোমবার গভীর রাতে র্যাবের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাতকে আটক করা হয়।র্যাবের পক্ষ থেকে জানানো হয়, একদল ডাকাত গতকাল রাত দুইটার দিকে মহাসড়কের লস্করপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় চ্যালেঞ্জ করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে র্যাব মোকলেসুর রহমান নামে একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। তার কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের গুলিতে উপপরিদর্শক (এসআই) হাফেজ ও হাবিলদার আক্তার হোসেন নামে র্যাবের দুইজন সদস্য আহত হন। র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক মোখলেসুর বর্তমানে চিকিৎসাধীন আছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হবে।