হবিগঞ্জে র্যাবের অভিযানে নিহত ১
হবিগঞ্জের অলিপুর এলাকায় গত সোমবার গভীর রাতে র্যাবের অভিযানে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল্লাহ মিয়া (৪০)। তিনি জেলার শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রামের বাসিন্দা।র্যাবের দাবি, আবদুল্লাহ ডাকাতদলের সরদার। তিনি বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভাষ্যমতে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছিল। এ সময় হবিগঞ্জের অলিপুর পাহাড়ের কাছে নম্বরবিহীন একটি মাইক্রোবাসসহ ১০-১২ জন ডাকাতকে দাঁড়িয়ে থাকতে দেখে যায়। র্যাব তাদের পরিচয় জানতে চাইলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডাকাতদের ধাওয়া করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। উভয়পক্ষের বন্দুকযুদ্ধের মাঝে পড়ে ডাকাত সরদার আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। অন্য ডাকাতেরা পাহাড়ের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে র্যাব দুটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করে।র্যাব-৯-এর কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, উভয় পক্ষের মধ্যে ২০টি গুলিবিনিময় হয়। শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব জানান, আবদুল্লাহ এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় খুন, ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে।