হবিগঞ্জে র‌্যাবের গুলিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের অলিপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সোমবার শেষ রাতে র‌্যাবের গুলিতে আবদুল্লাহ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি জেলার শায়েস্তাগঞ্জ থানার কদমতলী গ্রামে। র‌্যাব জানায়, নিহত ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত সর্দার। বন্দুকযুদ্ধে তিনি প্রাণ হারিয়েছেন। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প জানায়, গতকাল রাত পৌনে তিনটার দিকে র‌্যাবের একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় নম্বরবিহীন একটি মাইক্রোবাসসহ ১০-১২ জনের একটি দলকে দাঁড়ানো দেখতে পায়।র‌্যাব তাদের পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার আবদুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।আবদুল্লাহর কাছ থেকে দুটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৯-এর কমান্ডিং কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, ডাকাত ও র‌্যাবের মধ্যে ২০টি গুলিবিনিময় হয়। ভোরে পুলিশ আবদুল্লাহর লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।সদর হাসপাতালে ডাকাত আবদুল্লাহর লাশের পাশে থাকা শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব জানান, আবদুল¬াহর বিরুদ্ধে খুন, ডাকাতিসহ শায়েস্তাগঞ্জ থানার একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় একজন কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ছিলেন।