হবিগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুল হাকিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।নিহতের বাবার নাম আবদুস সামাদ। তাঁর বাড়ি মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেত জানান, আবদুল হাকিমের নামে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি অস্ত্র, একটি হত্যা, একটি অপহরণ এবং একটি চাঁদাবাজির মামলা। এ ছাড়া মাদকদ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি খাবারের হোটেলের পেছনে ৮-১০ জন লোক জটলা করছিল। এ সময় শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর একটি টহল দল ডাকাত সন্দেহে তাদের ঘেরাও করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি ছুড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে আবদুল হাকিম গুরুতর আহত হন। তাঁকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।তবে গুলিবিনিময়ের সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিনটি গুলি, দুটি গুলির খোসা, একটি রামদা, একটি চাকু, ১০০ বোতল অফিসার্স চয়েজ পানীয়, ৫০ বোতল ফেনসিডিল ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে।