হবিগঞ্জে শতাধিক ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩৯টি বৈধ!
হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার বাসিন্দা দিপালী সরকার মাতৃত্বকালীন সময়ে সম্প্রতি শহরের পুরাতন হাসপাতালের একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করাতে যান। পরীক্ষা শেষে দিপালীর অভিভাবকদের চিকিৎসকেরা জানান তাঁর শরীরে এইডস ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। দিপালীর অভিভাবকেরা এ কথা বিশ্বাস করতে পারেননি। পর পর তিনবার পরীক্ষা করার পরও একই ফল আসে। পরে দিপালীর অভিভাবকেরা ঢাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার পর নিশ্চিত হন দিপালীর শরীরে এইডসের কোনো ভাইরাস নেই। হবিগঞ্জে যে পরীক্ষা করানো হয়েছে তার সবই ছিল ভুল ও অসত্য।শুধু দিপালী সরকারের ক্ষেত্রেই নয়, এ ধরনের ভোগান্তি বা উল্টাপাল্টা রিপোর্ট দেওয়ার অভিযোগ হবিগঞ্জের অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। নীতিমালার বাইরে পরিচালিত এসব ডায়াগনস্টিক সেন্টারের ওপর এলাকাবাসীর অভিযোগ থাকলেও জেলা সিভিল সার্জন অফিস দায় এড়িয়ে মাঝেমধ্যে এ ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কেবল অর্থ জরিমানা করেই দায়িত্ব পালন করে আসছে। হবিগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলা সদরসহ আটটি উপজেলায় বৈধ-অবৈধ শতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। এর মধ্যে অনুমোদন আছে মাত্র ৩৯টির। এর অধিকাংশেরই কোনো নবায়ন নেই। বাকিগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে বেশ কিছুদিন ধরে। যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে সেগুলো হলো জেলা সদরের ইউনাইটেড শিশু ও জেনারেল হাসপাতাল, পুরাতন হাসপাতাল সড়ক হবিগঞ্জ; মাইক্রো ডেন্টাল সার্জারি, কোরেশনগর হবিগঞ্জ; ফেয়ার কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার, পুরাতন হাসপাতাল সড়ক হবিগঞ্জ; জেনারেল ডায়াগনস্টিক সেন্টার, মুসলিম কোয়ার্টার্স হবিগঞ্জ; হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল, সিনেমা হল রোড হবিগঞ্জ; ঝর্না ডেন্টাল কেয়ার, হবিগঞ্জ; মাহী ডেন্টাল কেয়ার, হবিগঞ্জ; ব্র্যাক সুস্বাস্থ্য ক্লিনিক (নার্সিং হোম) লেঞ্জাপাড়া, শায়েস্তাগঞ্জ; শতরঞ্জন এক্স-রে ক্লিনিক, দাউদনগর বাজার শায়েস্তাগঞ্জ; শায়েস্তাগঞ্জ মেডিকেল সার্ভিসেস, দাউদনগর বাজার শায়েস্তাগঞ্জ; আল-শেফা ডায়াগনস্টিক সেন্টার, বামৈ বড় বাজার লাখাই; ল্যাব-এইড মেডিকেল সেন্টার, মাধবপুর উত্তর বাজার মাধবপুর; এডভান্স ডেন্টাল কেয়ার, মাধবপুর’ সৌহার্দ্য ডেন্টাল কেয়ার, নবীগঞ্জ; দি ডেন্টাল কেয়ার, নবীগঞ্জ; পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক, করিমপুর ইনাতগঞ্জ নবীগঞ্জ; ব্র্যাক সুস্বাস্থ্য (নার্সিং হোম), বাংলাবাজার নবীগঞ্জ; পপি ডেন্টাল কেয়ার, শেরপুর নবীগঞ্জ; ডেন্টাল কেয়ার শেরপুর, নবীগঞ্জ; মেডিকেয়ার প্যাথলজি সেন্টার, হাসপাতাল সড়ক বানিয়াচং ও আনোয়ারা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মার্কুলী বাজার বানিয়াচং।এসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানগুলোর পরিচালকেরা জানান, তাঁরা স্বাস্থ্য বিভাগে অনুমোদন পাওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনের আগেই এ ধরনের ব্যবসা তাঁরা পরিচালনা করতে পারেন কি না, এমন প্রশ্নে ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা দাবি করেন, আবেদন করার পর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে ভিন্নমত পোষণ করে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস। জেলা সিভিল সার্জন অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠিত ও মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকেই অনুমোদন দেওয়া হয়। যারা নীতিমালার আওতাভুক্ত হওয়ার ক্ষেত্রে মান দেখাতে ব্যর্থ হয়েছে, সেই প্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিভাগ অনুমোদন দিচ্ছে না। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আসমা আক্তার প্রেগন্যান্সি পরীক্ষার জন্য হবিগঞ্জ শহরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে যান। পরীক্ষায় দেখা গেছে প্রেগন্যান্সি ধরা পড়েনি। পরে তিনি একই পরীক্ষা করাতে যান শহরের আপন ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে পরীক্ষার পর প্রেগন্যান্সি ধরা পড়ে। এখন আসমা বুঝে উঠতে পারছেন না কোন পরীক্ষাটি সঠিক। পরে তাঁকে সিলেটে গিয়ে পরীক্ষা করে প্রেগন্যান্সির সত্যতা খুঁজে বের করতে হয়েছে। বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের আমির আলী ভাঙা পা হবিগঞ্জ শহরের প্যানাসিয়া ডায়াগনস্টিক ও ক্লিনিকে এক্স-রে করান। হবিগঞ্জের চিকিৎসকেরা এ এক্স-রে মেনে নিলেও ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক জানান, এক্স-রে রিপোর্ট সঠিক নয় এবং এর মানও ভালো নয়। বাহুবল উপজেলা সদরের আফজল আলী পপুলার কম্পিউটারাইজড ডায়াগনস্টিক থেকে রক্ত পরীক্ষার পর তাঁর ডায়াবেটিস ধরা পড়ে। তিনি এ রিপোর্ট নিয়ে ঢাকায় গেলে চিকিৎসকেরা আবার পরীক্ষা করে নিশ্চিত হন তাঁর কোনো ডায়াবেটিস নেই। এভাবে লোকজন প্রতিনিয়ত হবিগঞ্জের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সেবা নেওয়ার পরিবর্েত উল্টো বিড়ম্বনায় পড়ছেন। এ ব্যাপারে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে পরিচালকেরা দাবি করেন হবিগঞ্জে নয় বরং বাইরে গেলে রোগীরা প্রতারিত বেশি হচ্ছেন। অনেক সময় চিকিৎসকেরা আর্থিক সুবিধা নেওয়ার আশায় মফস্বলের রিপোর্টগুলোকে পাশ কাটিয়ে আবার পরীক্ষা-নিরীক্ষা চালান।সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে সরকারি কিছু বিধিমালা রয়েছে। কিন্তু বাস্তবে হবিগঞ্জের ডায়াগনস্টিক সেন্টারগুলো এ নিয়মনীতির তোয়াক্কা না করেই তাদের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছে কিছু অদক্ষ লোকবল দিয়ে। বিশেষ করে প্রত্যেক সেন্টারে একজন করে মেডিকেল অফিসার থাকার বিধি থাকলেও তা মানা হচ্ছে না অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারে। হবিগঞ্জ সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরী অবৈধ তালিকার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিভিন্ন সময় প্রতিষ্ঠানগুলো বন্ধে চিঠি ও অর্থ জরিমানা করেছি। আমরা অচিরেই এ অবৈধ প্রতিষ্ঠান বন্ধে আরও উদ্যোগী হব। অর্থ জরিমানা ছাড়া অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন আদালতে মামলা দেওয়া হচ্ছে না, এমন প্রশ্নর জবাবে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালার ফাঁক-ফোকরের কারণে শক্তভাবে কোনো ব্যবস্থাই স্থায়ীভাবে নেওয়া যাচ্ছে না বলে জানান সিভিল সার্জন।