হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৭ পুলিশ আহত
হবিগঞ্জের পোদ্দারবাড়ি এলাকায় আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় ১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন নারী ও দুজন পুরুষ সদস্য। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলার হরতাল ছিল আজ। দায়িত্ব পালন করতে সকালে পুলিশের ওই সদস্যরা পুলিশ ভ্যানে করে হবিগঞ্জের ধুলিয়াখাল পুলিশ লাইন থেকে বের হন। তাঁদের বহনকারী গাড়িটি হবিগঞ্জ শহরে যাওয়ার পথে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়। এতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় নয়জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জ পুলিশ লাইনের পুলিশ পরিদর্শক হারুনুর রশিদ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।