হবিগঞ্জে স্বাস্থ্য সহকারী নিয়োগ নিয়ে যত অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে স্বাস্থ্য সহকারী নিয়োগে মুক্তিযোদ্ধা ২৯ পদের কোটা পূরণ করা হয়নি। পাশাপাশি নির্ধারিত ইউনিয়নের প্রার্থীর স্থলে অন্য ইউনিয়নের প্রার্থীকে নিয়োগ, ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া জাতীয়তার সনদসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে জেলা স্বাস্থ্য বিভাগের এ নিয়োগ-প্রক্রিয়ায়।এদিকে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না করায় মুক্তিযোদ্ধার সন্তান মুখলিছুর রহমান নামে একজন প্রার্থী হাইকোর্টে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে বানিয়াচং উপজেলার ১৭টি পদে নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে অভিযোগগুলোর উত্তরে হবিগঞ্জের সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরী জানালেন, এ নিয়োগের সব প্রক্রিয়াই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অফিসের সিদ্ধান্তে হয়েছে। এখানে তাঁর কিছুই করার নেই। তবে যেসব অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। মুক্তিযোদ্ধার কোটায় কতজন নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।হবিগঞ্জের আটটি উপজেলায় স্বাস্থ্য সহকারীর শূন্য পদের সংখ্যা ৯৮টি। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় পদ পাঁচটি, মৌখিক পরীক্ষায় অংশ নেন ১৫ জন; মাধবপুর উপজেলায় পদ ১৫টি, মৌখিক পরীক্ষায় অংশ নেন ৪৫ জন; চুনারুঘাট উপজেলায় পদ ২০টি, মৌখিক পরীক্ষায় অংশ নেন ৬০ জন; বাহুবল উপজেলায় পদ নয়টি, অংশ নেন ২৭ জন; আজমিরীগঞ্জ উপজেলায় পদ পাঁচটি, অংশ নেন ১৫ জন; লাখাই উপজেলায় পদ ছয়টি, অংশ নেন ১৮ জন; নবীগঞ্জ উপজেলায় পদের সংখ্যা ২২টি, মৌখিক পরীক্ষায় অংশ নেন ৬৬ জন এবং বানিয়াচং উপজেলায় পদের সংখ্যা ১৭টি, মৌখিক পরীক্ষায় অংশ নেন ৪৮ জন। এ পরীক্ষার ফল ১৩ এপ্রিল ঘোষণা করা হয় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে।এদিকে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর নানা অনিয়ম বের হয়ে আসে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা স্বাস্থ্য বিভাগের ওপর মুক্তিযোদ্ধার কোটা সংরক্ষণ না করা, জাতীয়তার ও মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি এবং নির্ধারিত ইউনিয়নের প্রার্থীকে সুযোগ না দিয়ে অন্য ইউনিয়নের প্রার্থীদের চাকরির সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন।হবিগঞ্জের বানিয়াচংয়ের মুখলিছুর রহমান জানান, তিনি মুক্তিযোদ্ধার সন্তান। স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশাপাশি তিনি মৌখিক পরীক্ষায়ও অংশ নেন। কিন্তু অজ্ঞাত কারণে তাঁর চাকরি হয়নি। তাঁর দাবি মুক্তিযোদ্ধা কোটা পূরণ হয়নি এ নিয়োগে। যে কারণে তিনি হাইকোর্টে রিট পিটিশন করেন। এ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল বিচারপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ও বিচারপতি এ এইচ এম সামছুদ্দিন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বানিয়াচং উপজেলার স্বাস্থ্য সহকারী নিয়োগে স্থগিতাদেশ দেন।অপর মুক্তিযোদ্ধার সন্তান তৌফিক আহমেদ নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পরীক্ষায় অংশ নেন। তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন কিন্তু তাঁর চাকরি হয়নি। তৌফিক অভিযোগ করেন, নিয়োগবিধি অনুযায়ী ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পূরণ করলে জেলায় ৯৮টি পদে ২৯ জনের চাকরি হওয়ার কথা। কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে মাত্র সাতজনের। তার মধ্যে চারজনই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করেন তৌফিক। জেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাবপুর গ্রামের বাহাউদ্দিন জানান, তিনি তাঁর ৩নং ওয়ার্ডের একমাত্র প্রার্থী ছিলেন। কিন্তু তাঁর স্থলে ২নং ওয়ার্ডের আঁখি দাস নিয়োগ পান।বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের একমাত্র প্রার্থী ছিলেন মো. রায়হান। তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে ১নং ওয়ার্ডের একজন প্রার্থীকে। ওয়ার্ডভিত্তিক কোনো কোটা পূরণ করা হয়নি এ নিয়োগের ক্ষেত্রে। এসব অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরী বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।