হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক গোয়েন্দা পুলিশের স্ত্রী, সন্তানসহ তিনজন নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নয়াপড়া ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিউলাইন পরিবহনের বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল।নিহতেরা হলেন—সুনামগঞ্জ জেলার কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কনস্টেবল সালাউদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৬) এবং তাঁদের শিশুপুত্র মাহবুব হাসান (২)। অন্যজন হলেন সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার রণভূমি গ্রামের শামসুল হক (৬৫)।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাশুক আলী প্রথম আলোকে জানান, এ দুর্ঘটনায় মরিয়ম বেগম ও শিশু মাহবুব ঘটনাস্থলেই মারা যায়। আর মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান শামসুল হক। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৪০ জন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়িটির উদ্ধারের কাজ চলছে।