হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক আহত
হবিগঞ্জে আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকেরা হলেন ওই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুজয় চক্রবর্তী এবং একই বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার। তাঁদের সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবালও ছিলেন। তবে তিনি অক্ষত আছেন। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীরপাশায় আজ সকাল আটটার দিকে এই তিনজন শিক্ষককে বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। এতে থাকা যাত্রীদের উদ্ধার করে প্রথমে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে সুজয় চক্রবর্তী ও রাশেদ তালুকদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, গণিত অলিম্পিয়াডে যোগ দেওয়ার জন্য সিলেট থেকে একটি মাইক্রোবাসে তিনজন শিক্ষক কুমিল্লার উদ্দেশে রওনা হন। মাইক্রোবাসে ছয়জন যাত্রী ছিলেন।