হবিগঞ্জে ১১ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দেড় শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফতেহপুর গ্রাম ও স্নানঘাট গ্রামসহ ১১টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত দেড় শতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেছে।আজ শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।জানা গেছে, গতকাল রাতে উপজেলার গোয়াল বাধা গ্রামে বার্ষিক মেলায় স্নানঘাট গ্রামের লোকজন জুয়া খেলছিল। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফতেহপুর গ্রামের হরমুজ মিয়া এতে বাধা দেন। আজ দুপুরে হরমুজ মিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এলে স্নানঘাট গ্রামের ২০-৩০ জন লোক এসে তাঁকে অবরুদ্ধ করে জুয়া খেলায় বাধা দেওয়ার কারণ জানতে চায়। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এ ঘটনা জানাজানি হলে চেয়ারম্যানরে পক্ষে তাঁর গ্রাম ফতেহপুরের লোকজন আরও ১১টি গ্রামের বাসিন্দাদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে স্নানঘাট গ্রামের লোকজনসহ আরও দুটি গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে দেড় শতাধিক লোক আহত হন। পরে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম সিরাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।