হবিগঞ্জে ১৬টি গ্রামের অধিবাসীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে ১৬টি গ্রামের অধিবাসীদের মধ্যে আজ শনিবার পাঁচ ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ১৫ জন সদস্যসহ দুই শতাধিক গ্রামবাসী আহত হয়েছে। আহতদের মধ্যে গুলি ও রবার বুলেটবিদ্ধ ৩৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং সাতজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান ও সহকারী পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সংঘর্ষ চলাকালে পুলিশ এক হাজার ৫০০টি রাবার বুুলেট ও শর্টগানের গুলি এবং শতাধিক টিয়ার সেল নিক্ষেপ করে। উত্তেজিত জনতা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে।পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, দুই দিন আগে গত বৃহস্পতিবার জেলার সদর উপজেলার নিশাপট গ্রামের জলফু মিয়া নামের এক ব্যক্তি সুতাং বাজার থেকে টেম্পোয় করে শায়েস্তাগঞ্জ আসেন। ভাড়া নিয়ে টেম্পোর মালিক ইসমাইলের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এ নিয়ে নিশাপট ও তালুগড়াই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।আজ এ ঘটনার সালিস-বৈঠক ছিল। একপক্ষ সালিস না মানায় নিশাপদ ও তালুগড়াই গ্রামবাসীদের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের সঙ্গে এক হয়ে সাতটি গ্রামের বাসিন্দারা একটি পক্ষ হয়ে একই উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার অন্য আটটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ বল্লম, রামদা প্রভৃতি ধারালো অস্ত্র ব্যবহার করে। এ সময় শায়েস্তাগঞ্জ বাজারে উভয় পক্ষ বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশকে প্রায় দেড় হাজার রাবার বুুলেট ও শর্ট গানের গুলি ও শতাধিক টিয়ার সেল নিক্ষেপ করতে হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।