হবিগঞ্জে ‘পোড়া রোগীর চিকিৎসাব্যবস্থা ও প্রতিরোধ’ শীর্ষক পরামর্শ সভা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক চিকিৎসক সামন্তলাল সেন বলেন, অগ্নিদগ্ধ ব্যক্তিরা মফস্বল শহরে যথাযথ চিকিৎসা পায় না, যে কারণে তাদের ঢাকার দিকে দৌড়াতে হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট খোলার পর অসংখ্য মানুষ এর সেবা পাচ্ছে। এখন প্রয়োজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সেবিকাদের পোড়া রোগ এবং ঠোঁটকাটা-তালুকাটার চিকিৎসায় প্রশিক্ষণ দিয়ে সারা দেশে এই চিকিৎসা ছড়িয়ে দেওয়া।৩ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জের মহিমা কনফারেন্স হলে প্রাকৃতজন আয়োজিত ‘পোড়া রোগীর বর্তমান চিকিৎসাব্যবস্থা ও প্রতিরোধ’ শীর্ষক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।সামন্তলাল সেন বলেন, আগুনে পুড়লে তো চিকিৎসা করতেই হবে। তবে সবারই চেষ্টা থাকতে হবে, যাতে কেউ আগুনে না পোড়ে। নারী-পুরুষ যেকোনো মানুষ অগ্নিদগ্ধ হলে সঙ্গে সঙ্গে তার সব কাপড়চোপর খুলে বাতাস দিতে হবে, শরীরে পানি ঢালতে হবে, পরিমাণমতো স্যালাইন খাওয়াতে হবে। এসব বিষয় সবার জানা দরকার। তিনি আরও বলেন, ‘আমার জন্ম হবিগঞ্জে, যদিও পরে আমি অন্যত্র স্থায়ী হয়েছি। তবে সবখানেই আমি হবিগঞ্জের মানুষ বলে নিজের পরিচয় দিই। তাই হবিগঞ্জের চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সাধ্যমতো ভূমিকা রাখতে চাই।’প্রাকৃতজনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দীপকলাল বণিক, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক কামরুল হাসান তরফদার, হবিগঞ্জের সিভিল সার্জন সফিকুর রহমান ও সাখাওয়াত হাসান জীবন।এই পরামর্শ সভায় অংশ নেন ভাষাসৈনিক ও প্রবীণ আইনজীবী সৈয়দ আফরোজ বখত, সাবেক পৌর চেয়ারম্যান শহীদউদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান, বাপা হবিগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যক্ষ মুহম্মদ ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুজ জাহের, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট হবিগঞ্জের জেলা আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, চিকিৎসক মো. জমির আলী, সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ব্যকসের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, অধ্যাপক ইলিয়াজ বখত জালাল, সাবেক পৌর কমিশনার আবদুল মোতালিব মমরাজ, স্বাস্থ্যকর্মী ফারহানা আক্তার মুন্নী প্রমুখ।হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান তাঁর বক্তব্যে বলেন, ‘আমি এই সভা থেকে আহ্বান জানাই, হবিগঞ্জ থেকে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পোড়া রোগের চিকিৎসায় প্রশিক্ষণ নিয়ে আসতে চান, তাঁদের আমরা অবশ্যই এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করব। তবে শুধু প্রশিক্ষণই সবকিছু নয়, সবার আগে থাকতে হবে সেবার মনোভাব। তাহলেই একজন সফল চিকিৎসক হওয়া সম্ভব।’চিকিৎসক দীপকলাল বণিক বলেন, ‘আমি কিছুদিন আগে হবিগঞ্জে সিভিল সার্জন ছিলাম। এখানকার চিকিৎসাব্যবস্থা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল এখানে হার্ট ফাউন্ডেশনের একটি শাখা আনব, ডায়াবেটিক সমিতির কাজ বিস্তৃত করব, বিশেষ করে চেষ্টা ছিল একটি প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতাল করব। কিন্তু ঠিকমতো গুছিয়ে ওঠার আগেই কীভাবে যেন আট মাসের মাথায় আমার বদলির অর্ডার এসে গেল। কিছুই করা গেল না। তবে আমি আশাবাদী, অবসরে যাওয়ার পর হয়তো ভালোভাবে এই কাজগুলো করতে পারব।’কামরুল হাসান বলেন, ‘এই সভা থেকে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের জন্য একটি চিকিৎসাশিবির পরিচালনা করার প্রস্তাব এসেছে। আশা করি, সামন্তদা ও বার্ন ইউনিট এবং সিভিল সার্জনের সহযোগিতায় প্রাকৃতজন কাজটি শিগগিরই করতে পারবে। আমরাও যথাসাধ্য সহযোগিতা করব।’সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘হবিগঞ্জে একটি ছোট পরিসরে বার্ন ইউনিট খোলা সম্ভব হবে। তবে বাস্তবতা এই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় এমন একটি ইউনিট খুলতে আমার সময় লেগেছে ২৪ বছর। তবে আমরা আশাবাদী, হয়তো শিগগিরই পোড়া রোগীর চিকিৎসাব্যবস্থাটি সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।’হবিগঞ্জের সিভিল সার্জন সফিকুর রহমান বলেন, ‘সামন্তলাল সেনকে নিয়ে নবীগঞ্জে ইতিপূর্বে ঠোঁটকাটা রোগীর একটি অপারেশন ক্যাম্পেইন করেছি। এখানে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে আনানোর প্রস্তাব এসেছে। আমি চাই, এ ব্যাপারে আগ্রহীরা শিগগিরই আমার কাছে তাঁদের নামের তালিকা দেবেন, আমি সামন্তলাল সেনের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাইব।’এই পরামর্শ সভায় হবিগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে হবিগঞ্জের কৃতী সন্তান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সামন্তলাল সেন, দীপকলাল বণিক, কামরুল হাসান তরফদার ও সাখাওয়াত হাসান জীবনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।