হবিগঞ্জেও জিনের বাদশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার গৃহবধূ আছমা বেগমের মুঠোফোনে গভীর রাতে ০১৭৪৭৬৭৪৬৭৫ নম্বর থেকে ফোন আসে। ‘আমি গায়েবি মাজার থেকে বলছি, মা। আমি মানুষ জাতি নই, জিন জাতি। ওপর থেকে হুকুম হয়েছে, তোর সঙ্গে কথা বলার জন্য।’গৃহবধূ ভয়ে পাশে ঘুমিয়ে থাকা স্বামীকে জাগিয়ে তাঁর ফোনে কথা বলতে বলেন। স্বামী আবদুর রহমান যখন কথা বলেন, জিনের বাদশা ঠিক আগের ভাষায় একই কথা বলেন। পাশাপাশি বলেন, ‘বাবা, তুমি আমার সঙ্গে কথা বলতে চাইলে তোমাকে আগে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে কথা বলতে হবে। কারণ, আমরা মানুষ জাতি নই।’ গৃহকর্তা তা-ই করেন। একপর্যায়ে জিনের বাদশা আবদুর রহমানকে জানান, তাঁর নামে গুপ্তধন এসেছে। এ ধন পেতে হলে এখনই তাঁকে ৫০১ টাকা গরিবের মাজারে শিরনি দিতে হবে।গৃহকর্তা প্রশ্ন করেন, এ টাকা তিনি কীভাবে পাঠাবেন বা মাজারটি কোথায়? তখন জিনের বাদশা বলেন, ‘আমার নম্বরে ফ্লেক্সিলোড করে পাঠালে আমি নিজেই মাজারে এ শিরনি পৌঁছে দেব।’ আবদুর রহমান সরল বিশ্বাসে ৫০১ টাকা পাঠান।শুধু এ দম্পতিই নয়, এভাবে মাজারের শত শত সহজ-সরল ভক্ত মানুষের সঙ্গে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করে আসছে একটি চক্র। চক্রটি সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ফোন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিদিন। হবিগঞ্জের পুলিশ এ চক্রের একজন সদস্যকে সম্প্র্রতি গ্রেপ্তার করলেও এ প্রতারণা রোধ করা যাচ্ছে না। প্রতিদিন জেলার কোথাও না কোথাও এ ধরনের প্রতারণার খবর পাওয়া যাচ্ছে।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের মঞ্জিলা বেগম জানান, প্রতারকের খপ্পরে পড়ে তিনি কয়েক দফায় ৩০ হাজার টাকা খুইয়েছেন। এখনো মাঝেমধ্যে এ চক্রের সদস্যরা তাঁর মুঠোফোনে ফোন করে টাকা চান।এদিকে হবিগঞ্জ শহরের রাজনগর আবাসিক এলাকার তাহির মিয়ার মুঠোফোনে গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে একটি প্রতারক চক্র ফোন করে। এ প্রতারক চক্রের কথামতো দুই লাখ টাকা দেওয়ার প্রলোভন দিয়ে তাদের নির্ধারিত স্থানে নিয়ে আসেন তাহির মিয়া এবং প্রতারক চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে দেন। আটক হওয়া ব্যক্তি নুনু মিয়ার বাড়ি শহরের রাজনগর এলাকায়। এ ব্যাপারে তাহির বাদী হয়ে হবিগঞ্জ মডেল থানায় মামলা করেন।এসব প্রতারক চক্রের মুঠোফোনে ফোন করলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। তবে ০১৭৪৭৬৭৪৬৭৫ নম্বরে ফোন করলে নাম পরিচয় প্রকাশ না করে এই প্রতিনিধির সঙ্গে কথা বলেন প্রতারক চক্রের এক সদস্য। তিনি বলেন, ‘আমরা সাধারণত সিলেট অঞ্চলকে এ প্রতারণার জন্য বেছে নিয়েছি। কারণ, সেখানকার মানুষ মাজারভক্ত, যে কারণে সহজেই আমাদের কৌশল কাজে লাগে।’কীভাবে চক্রটি কৌশলগুলো কাজে লাগায়, জানতে চাইলে জিনের বাদশা বলেন, ‘ভাই, প্রত্যেক মানুষের ধর্ম ও মৃত্যু নিয়ে যেমন ভয় আছে, ঠিক জীবন চলার পথে তাদের অনেক দুর্বলতাও সৃষ্টি হয়। আমরা সাধারণত যাদের কাছে ফোন করি, তার ও তার পরিবার সম্পর্কে একটু জেনেই ফোন করি। প্রথমে ফোন করে পরিচয় দেই, আমি গরিবের মাজার থেকে বলছি। অর্থাৎ এমন একটি মাজারের নাম বলা হয়, যে মাজারের নাম সে কোনো দিন শুনেনি। ফোন গ্রহণকারীকে ভীতিতে ফেলি, আমি মানুষ নই, জিন জাতি। আমি এখন নেওয়াজে খোদা মসজিদ থেকে কথা বলছি। খোদা তায়ালার কাছ থেকে হুকুম হয়েছে, তোমার সঙ্গে কথা বলতে। আমার সঙ্গে কথা বলতে পারবি, বাবা? ফোন গ্রহণকারী রাজি হলে তাকে বলি, আগে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আমার সঙ্গে কথা বলা লাগে। যে ব্যক্তি এ শর্ত পূরণ করে, তখনই বুঝি, তার ওপর সহজেই কৌশল খাটানো যাবে।’জিনের বাদশা আরও বলেন, ‘প্রথমেই অল্প টাকা শিরনি বাবদ চাওয়া হয়। এমন একটি মসজিদের নাম বলা হয়, যেখানে শিরনি দেওয়ার জন্য ওই ব্যক্তি মসজিদটি খুঁজে না পেয়ে পুনরায় আমার সাহায্য চায়, কীভাবে সে তার শিরনি পৌঁছাবে। তখনই তাকে বলি, আমার এ নম্বরে ফ্লেক্সি করে পাঠালে আমি নিজেই শিরনি পৌঁছে দেব। যখন দেখি, ফ্লেক্সি চলে আসে, পরে কোনো একসময় তাকে বলা হয়, তোমার শিরনি কবুল হয়েছে। তোমার জন্য গুপ্তধন বরাদ্দ হয়েছে। এ ধন পেতে হলে তোমাকে নির্ধারিত পরিমাণ টাকা আরও শিরনি দিতে হবে। তাও স্থান বলা হয় পাকিস্তান বা ইরানের কোনো জায়গার নাম। টাকা দিতে গিয়ে ওই জায়গা খুঁজে না পেলে আমাদের পক্ষ থেকে বলা হয়, সে যে শহরে বসবাস করে সেই শহরের কোনো মসজিদ বা মাজারের নাম। সেখানে গোপনীয়তা বজায় রেখে আমাদের নির্ধারিত জায়গায় টাকাগুলো রাখতে বলা হয়। সেখানে এ টাকা রেখে মসজিদ বা মাজারের ভেতর চার রাকাত নফল নামাজ পড়ে সেখানেই বসে দুই ঘণ্টা সৃষ্টিকর্তার উদ্দেশে ধ্যান করতে হবে। এ সময় অন্যদিকে মন দিলে ওই গুপ্তধন দেখা দেবে না। যারা তাঁর কথামতো কাজ করে, তারাই সফল হয়।’এ বিষয়ে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এ চক্রকে চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। তবে এ প্রতারকদের বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। অসচেতনতার কারণেই প্রতারকেরা সুযোগ নিচ্ছে বলে তিনি মনে করেন।