হবিগঞ্জের আইনজীবীরা চোরদের আর আইনি সহায়তা দেবেন না
হবিগঞ্জে চোরদের বিরুদ্ধে অবস্থান নিলেন আইনজীবী সমিতি ও হবিগঞ্জ নাগরিক কমিটিসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আইনজীবীরা ঘোষণা দিলেন, চোরদের আর আইনি সহায়তা তাঁরা দেবেন না। নাগরিক কমিটির দাবি, তাদের আর ছাড় দেওয়া যায় না, শক্ত হাতে রুখতে হবে।হবিগঞ্জ শহরে বিভিন্ন বাসাবাড়িতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে। গ্রিল কাটা এ চোরেরা প্রতিদিন শহরে কোথাও না কোথাও চুরি করছে। সম্প্রতি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন আইনজীবী ও সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।শহরের আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২ এপ্রিল সভাপতি মনোয়ার আলীর সভাপতিত্বে সমিতির কার্যালয়ে এক জরুরি তলবি সভায় মিলিত হন। সভায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরীর বাসাসহ ক্রমান্বয়ে কয়েকজন আইনজীবীর বাসায় চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পুলিশ তার পেশায় তৎপর থাকলে এ ধরনের দুর্বিষহ চুরির ঘটনা ঘটতো না। সভায় ঘোষণা দেওয়া হয়, এখন থেকে কোনো চোর ধরা পড়লে জেলার আইনজীবীরা সেই চোরদের আর আইনগত সহযোগিতা দেবেন না।জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার আলী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী তাঁদের সভার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি, সংঘটিত এ চুরির ঘটনাগুলো অতিবিলম্বে উদ্ঘাটন এবং চোর গ্রেপ্তারের।’ এ বিষয়ে তাঁরা স্মারকলিপি দেবেন বলে জানান।এদিকে হবিগঞ্জ নাগরিক কমিটি একই দিনের সন্ধ্যায় কমিটির কার্যকরী কমিটির এক সভা সংগঠনের সভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট চৌধুরী আবদুল হাইয়ের সভাপতিত্বে তাঁদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জেলা সদরের সার্বিক আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, হঠাৎ করে গ্রিল কেটে চুরির ঘটনা বেড়ে গেছে। পুলিশের নীরবতা নগরবাসীকে আরও হতাশ করেছে।সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির নেতা ইকরামুল ওয়াদুদ, এ এ মতিন খান, মোহাম্মদ ইসমাইল, হিমাদ্রি চৌধুরী, আলী ইমাম তরফদার, অ্যাডভোকেট মনোয়ার আলী, ফরিদ উদ্দিন আহমেদ, আবুল খায়ের, ফজলুর রহমান চৌধুরী, পুণ্যব্রত চৌধুরী প্রমুখ।এ বিষয়ে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ‘আমরা একদিকে চোর ধরি, অন্যদিকে তারা জামিন নিয়ে পুনরায় চুরি করে। এ চুরি ঠেকাব কী করে।’ তিনি চোর ঠেকানোতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।