হবিগঞ্জের দেউন্দি চা বাগানে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো মিলি প্রাণের আনন্দে’ স্লোগান ও জীবনবাদী সংলাপে মুখর হয়ে উঠেছিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের নাচঘর। প্রতীক থিয়েটারের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ মঞ্চনাট্য উৎসবে চা-বাগানের সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে তোলেন নাট্যকর্মীরা । প্রতীক থিয়েটারের আয়োজনে মঞ্চ নাট্যোৎসবটি ১৫, ১৬ ও ১৭ এপ্রিল দেউন্দি চা-বাগানে অনুষ্ঠিত হয়। এতে ছয়টি নাট্য সংগঠন অংশ নেয়। মঞ্চ নাট্যোৎসবের প্রথম দিন ১৫ এপ্রিল সন্ধ্যা সাতটায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে নাট্যোৎসবের উদ্বোধন করেন কবি শামীম আজাদ। উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ও প্রতীক থিয়েটারের সহসভাপতি আমোদ মালের সভাপতিত্বে নাটক নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় অংশ নেন নাট্যজন রফিউল্লাহ সেলিম, কবি পার্থ সারথী চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেটের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রভাষক জালাল উদ্দিন ও গিয়াস উদ্দিন আহমেদ। আলোচনা শেষে প্রতীক থিয়েটারের শিশু সংগঠন প্রতীক লিটল থিয়েটার সুনীল বিশ্বাস রচিত নাটক কেন এমন হয় ও প্রাকৃতজন ঢাকা আব্দুল্লাহেল মাসুদ রচিত নাটক নানকার পালা মঞ্চস্থ হয়। নাট্যোৎসবের দ্বিতীয় দিন ১৬ এপ্রিল রানা প্রসাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এম শামসুজ্জামান, বাংলাদেশ গ্রুফ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক চন্দন রেজা, প্রভাষক চিত্তরঞ্জন রাজবংশী প্রমুখ। আলোচনা শেষে সুনীল বিশ্বাস রচিত ও নির্দেশিত নাটক নিধিরাম সর্দারের স্বাধীনতা ও থিয়েটার আর্ট ইউনিট ঢাকা পরিবেশিত নাটক আমেনা সুন্দরী মঞ্চস্থ হয়। ১৭ এপ্রিল সমাপনী দিনে ইমরোজ ফিরোজ খান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার আহমদ আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান শিশির, এস এম সালেহ সোহেল, ওয়াহেদ মাস্টার প্রমুখ। আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমী মঞ্চস্থ করে নাটক সত্যিভূতের গপ্পো। রচনা মনোজ মিত্র ও নির্দেশনায় ছিলেন মিজানুর রহমান শিশির। সমাপনী পর্বে চা-শ্রমিক শিশুদের আদিবাসী নৃত্য, লাঠিনাচ ও ঝুমুর নৃত্য পরিবেশন করা হয়। প্রতীক থিয়েটারের সভাপতি ও নাট্যকার সুনীল বিশ্বাসের উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।