হবিগঞ্জের প্রধান সমস্যা পয়োনিষ্কাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর পৌরসভা হবিগঞ্জের পয়োনিষ্কাশন-ব্যবস্থা গড়ে ওঠেনি ১২৯ বছরেও। এ কারণে পৌর নাগরিকদের মধ্যে এ সমস্যা স্থায়ী রূপ নিয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, প্রায় ৫০ শতাংশ এলাকায় পয়োনিষ্কাশন-কাঠামো রয়েছে। তবে এক নালার সঙ্গে অন্য নালার কোনো সংযোগ না থাকায় বাস্তবে এর অবকাঠামো আরও সংকীর্ণ হয়ে পড়ছে, যা জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।হবিগঞ্জ পৌরসভা ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয়। ৯ দশমিক ০৫ বর্গমাইল এলাকা নিয়ে গড়ে ওঠা এ পৌরসভায় ৯৫ হাজার ৭৩০ জন লোকের বসবাস।সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ শহরে প্রধান তিনটি রাস্তা রয়েছে। এ তিনটি রাস্তাকে ঘিরে পুরো শহর। রাস্তা তিনটির মধ্যে একটিরও পরিপূর্ণ কোনো পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। পাশাপাশি শহরের ভেতরে যে ৩৭টি আবাসিক এলাকা রয়েছে, সেগুলোর পয়োনিষ্কাশনের পরিকল্পিত ব্যবস্থা নেই বললেই চলে। তবে যে নালা রয়েছে, সেগুলোর একটির সঙ্গে অন্যটির কোনো সংযোগ নেই। শহরের পূর্বদিকের পুরো পয়োনিষ্কাশন হয় গোসাইপুর এলাকার স্লুইসগেট দিয়ে। খোয়াই নদীর বাঁধের ওপর নির্মিত এ স্লুইসগেটের লেবেল ও খোয়াই নদীর পানির লেবেল সব সময়ই সমান থাকার কারণে এ স্লুইসগেট জনগণের কোনো কাজে আসে না। শ্যামলী আবাসিক এলাকার অধিবাসী কায়সার আহমেদ বলেন, গোসাইপুর এলাকার এ স্লুইসগেট পরিকল্পিতভাবে তৈরি না করলে এ বৃহত্তর এলাকার পয়োনিষ্কাশনের আর কোনো পথ বা দিক নেই। যে কারণে পৌরসভার উচিত এ স্লুইসগেটের দিকে মনোযোগ দেওয়া।এদিকে শহরের দক্ষিণ এলাকার পয়োনিষ্কাশনের জন্য হবিগঞ্জ পৌরসভার নির্মাণ করা নালা মোহনপুর থেকে শুরু হয়ে নিউফিল্ড এলাকায় শেষ হয়েছে। এ নালার গন্তব্যস্থল রাজনগর কালভার্টের সঙ্গে সংযোগ না হওয়ায় এর পুরো উপকারিতা মানুষ পাচ্ছে না। তেমনিভাবে শহরের চিড়িয়াকান্দি ভায়া চৌধুরীবাজার কালীগাছ পর্যন্ত যে নালা রয়েছে, সেটিরও রাজনগর কালভার্টের সঙ্গে সংযোগ না ঘটায় এর কোনো সুফল নেই বললেই চলে। পাশাপাশি রামকৃষ্ণ মিশন হয়ে পিটিআই সড়ক পর্যন্ত যে নালা রয়েছে, সেটিরও কোনো সংযোগ নেই। এ নালারও গন্তব্য ছিল রাজনগর। ফলে শহরের পিটিআই, শান্তিনগর, বি জামান সড়ক, আহ্ছানিয়া মিশন এলাকা ও বাণিজ্যিক এলাকার পশ্চিমাংশে সব সময়ই জলাবদ্ধতা দেখা দেয়। শহরের বি জামান আবাসিক এলাকার অধিবাসী মো. আলমগীর বলেন, বি জামান কোয়ার্টার হয়ে পশ্চিম দিকে পিটিআই সড়কে একটি নালা নির্মাণ হওয়ার কথা। এ নালার আংশিক কাজ হয়ে পানির ট্যাংক এলাকার একটি বাসার দেয়ালে গিয়ে ঠেকেছে। এ দেয়াল ভেঙে মূল নালার সঙ্গে সংযোগ না দেওয়ায় নির্মাণাধীন নালার পানিতে ওই এলাকার বাসাবাড়ি সয়লাব হয়ে যায়।হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ১৯৯৪ সালে শহরের প্রধান রাস্তার দক্ষিণপ্রান্ত শায়েস্তানগর এলাকা থেকে উত্তরপ্রান্ত চৌধুরীবাজার পর্যন্ত দুই পাশে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় নালা নির্মাণ করে। এ নালা আড়াই ফুট প্রস্থ ও দুুই ফুট গভীরতা নিয়ে তৈরি করলেও প্রথম থেকেই এর মান নিয়ে এলাকাবাসীর মনে সংশয় ছিল। নির্মাণের প্রায় ছয় মাসের মতো জনগণ এ নালার উপকারিতা পেলেও এর পর থেকে এর অবকাঠামো একবারেই ভেঙে পড়ে। এরপর আর হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কিংবা পৌরসভার পক্ষ থেকে নতুন করে কোনো নালা নির্মাণ করা হয়নি। বর্তমানে এ দুই প্রধান রাস্তার পাশে লক্ষ করলে দেখা যায়, আজ থেকে ১৬ বছর আগে তৈরি করা নালা অকেজো হয়ে পড়ে আছে।সরেজমিনে দেখা গেছে, নালাটি কোথাও আধা থেকে এক ফুট প্রশস্ত এবং গভীরতা আধা ফুট থেকে দেড় ফুটের মধ্যে। এর মধ্যে জনগণের ফেলা ময়লা-আবর্জনায় একেবারেই মিশে গেছে নালাটি। বিশেষ করে, হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় থেকে শুরু করে শহরের চৌধুরীবাজার পর্যন্ত নালার কোনো অস্তিত্বই খোঁজে পাওয়া যায় না। হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ নালার ময়লা-আবর্জনা পরিষ্কারের দায়িত্ব পালন করলেও অধিকাংশ সময়ই আবর্জনার স্তূপ পড়ে থাকে নালাগুলোতে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় শহরের প্রধান রাস্তায়ও।হবিগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার অধিবাসী অ্যাডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য বলেন, ‘টাউন হল এলাকার পশ্চিম অংশে ৩৭টি পরিবারের বসবাস। একটু বৃষ্টি হলেই আমাদের ঘরের ভেতরে পানি ঢোকে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের এ করুণ অবস্থা।’শহরের পিটিআই এলাকার অধিবাসী নজমুল চৌধুরী বলেন, পৌরসভার এ রাস্তাটি সংস্কার না হওয়ায় সব সময়ই চলাচলে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে, কোনো বড় যানবাহন রাস্তাটি অতিক্রম করলে ধুলায় সয়লাব হয়ে যায়। তিনি রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান পৌর কর্তৃপক্ষের কাছে।শ্যামলী আবাসিক এলাকার অধিবাসী এ টি এম মহসিন বলেন, পৌরসভার বিভিন্ন মহল্লার রাস্তাগুলো সর্বশেষ কবে সংস্কার হয়েছে, তা হয়তো পৌর কর্তৃপক্ষ ভুলে গেছে। নতুন করে মেরামতের উদ্যোগ না নেওয়ায় এ রাস্তাঘাটের অবস্থা আরও ঝুঁকির দিকে যাবে।নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাবুল বলেন, বসতবাড়িতে গ্যাস ও পানির সংযোগ নিতে যে রাস্তাগুলো কাটা হয়, তা আর পৌরসভার পক্ষ থেকে মেরামত করা হয় না। যে কারণে প্রতিটি পাড়া বা মহল্লার রাস্তাগুলোতে স্থানে স্থানে বড় বড় ভাঙন দেখা দিয়েছে।শহরের গোসাইপুর এলাকার নুর হোসেন বলেন, ‘আমরা পৌরসভার নাগরিক। আমাদের এলাকায় রাস্তাঘাট দেখলে কেউ বিশ্বাস করবে না, এটি পৌর এলাকা। তিনি শ্যামলী হয়ে গোসাইপুরের রাস্তাটি ইটের সলিংয়ের দাবি জানান।হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, ‘নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে আগে কোনো মাস্টারপ্ল্যান ছিল না পৌরসভার। যে কারণে অনেক সমস্যা তৈরি হয়েছে। এখন মাস্টারপ্ল্যান অনুমোদন হয়ে এসেছে। সে অনুযায়ী কাজও শুরু করেছি। আশা করি, পয়োনিষ্কাশনের সমস্যা আর থাকবে না।’ রাস্তাঘাটের বিষয়ে পৌর মেয়র বলেন, ‘প্রতিটি রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। যেসব রাস্তা মেরামতের প্রয়োজন, সেগুলো শুকনো মৌসুমের মধ্যেই শেষ হবে। বৃষ্টি-বাদলের কারণে অনেক জায়গায় আমরা কাজ করতে পারছি না।’ শহরের মাস্টারপ্ল্যান নিয়ে মেয়র বলেন, মন্ত্রণালয়ে এ পরিকল্পনা জমা হয়েছে। অনুমোদন হয়ে এলে পৌরসভার নাগরিকদের দুর্ভোগ অধিকাংশই দূর হয়ে যাবে।