হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদের কাছে বালুবোঝাই ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের যাত্রী। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিসিম গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বকুল মিয়া (৩৫), ফারুক মিয়া (৩২), স্ত্রী নুরুননাহার বেগম (৫৫), চাচি জোহর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০), একই উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের আলী ইসলামের স্ত্রী রওশনা বেগম, গাড়িচালক ও মেয়ের জামাই মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার শ্রীরামপুর গ্রামের ছালেহ আহম্মেদের ছেলে আবুল কাশেম। নিহত ব্যক্তিরা কারযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিরছিলেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায় আজ সকালে বকুলের বড় চাচা নুরুল ইসলামের মৃত্যুর সংবাদ পেয়ে সরাইল উপজেলার কালিশিমু গ্রামে আসেন। বিকেলে লাশ দাফন শেষে প্রাইভেট কারযোগে শ্রীমঙ্গলে ফেরার পথে ওই স্থানে পৌঁছলে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি কারের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ও দমকল বাহিনীর একদল কর্মী ঘটনাস্থলে যান। তাঁরা কর্মীরা কারের ভেতরে আটকে থাকা মৃতদেহগুলো একে একে উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও সাহায্যকারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের মুঠোফোনের নম্বর সংগ্রহ করে তাঁদের বাড়িতে যোগাযোগ করা হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ প্রথম আলোকে জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে কাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ পাঠানো হবে।