হম্বিতম্বির পর হঠাৎ মন গলে গেল মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদিও আইনে শাস্তি নির্দিষ্ট করা আছে, তবু বাড়তি বাসভাড়া আদায় বন্ধে কঠোর কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে গতকাল শনিবার বৈঠক হয় রেলভবনে। বৈঠকে আইন প্রয়োগের জন্য আইন ভঙ্গকারী বাসমালিকদের কাছে সহায়তা চাওয়া হয়। কিন্তু মালিকদের হুমকিতে শুরুতেই নেওয়া যোগাযোগমন্ত্রীর শক্ত অবস্থান হম্বিতম্বি সার হয়ে পড়ে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে এই বৈঠকে ছিলেন বাড়তি ভাড়া আদায়কারী বাসমালিকদের নেতারা। ছিলেন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, শ্রমিক সংগঠনের নেতাসহ যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, সাংসদ আসলামুল হক, সাংসদ বেনজির আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আয়ুবুর রহমান খান, রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী প্রমুখ। সাংবাদিকদের জন্য বৈঠকটি ছিল উন্মুক্ত।বাড়তি ভাড়া আদায় শুরু হওয়ার পর থেকে যোগাযোগমন্ত্রী বারবার মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। একাধিক বৈঠকে শ্রমিকনেতা হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও উপস্থিত থেকেছেন। গণমাধ্যমে কিছু প্রচার ছাড়া আর কোনো ফল এসব বৈঠক থেকে অর্জিত হয়নি। বাড়তি ভাড়া আদায় বন্ধের ক্ষেত্রে গতকালের বৈঠকটিও ছিল একটি নিষ্ফল আয়োজন। বৈঠকের শুরুতে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান বলেন, রাজধানীতে চলাচলকারী বাসে এখনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। পত্রপত্রিকায় এ বিষয়ে লেখালেখিও হচ্ছে। তিনি একটি বাসের টিকিট হাতে নিয়ে বলেন, ‘এই টিকিটে যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিবের নাম ও মোবাইল নম্বর দিয়ে বলা হয়েছে, এই ভাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি অনুমোদন করেছেন। এটা জালিয়াতি। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ এ বক্তব্য দিয়ে সচিব যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে কথা বলার জন্য অনুরোধ জানান। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ‘১৬ মে বাসভাড়া নির্ধারণ করে দেওয়ার পর মালিকেরা তা মানেননি। আমরা বাসে ঘুরে দেখেছি। পত্রপত্রিকায়ও লেখা হয়েছে। আমরা মনে করি, পত্রপত্রিকার লেখা ঠিক আছে। বাসমালিকেরা কথা রাখেননি। তাই আমি মনে করি, বাড়তি ভাড়া আদায়ের দায়ে ৫০০ টাকা জরিমানা যথেষ্ট নয়। কারাদণ্ড দেওয়া শুরু হলে বিশৃঙ্খলা থাকবে না।’মন্ত্রী আরও বলেন, ‘সরকারের আইন মেনে চলতে হলে নির্ধারিত ভাড়াও মানতে হবে। এর ব্যত্যয় হলে সরকার ব্যবস্থা নেবে। এর মাঝামাঝি কোনো ছাড় নেই। আইনে এক মাসের কারাদণ্ড, জরিমানা ও চলাচলের অনুমতি বাতিলের বিধান আছে। আমরা এই তিনটিই প্রয়োগ করব। এটা কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এ বিষয়ে মালিক, শ্রমিক ও পুলিশের সহায়তা দরকার। মালিকদের কোনো মতামত থাকলে বলতে পারেন।’ এরপর বাসমালিকেরা বক্তব্য শুরু করেন। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘পত্রপত্রিকা শুধু নেতিবাচক খবর প্রচার করে। এই খবরের ওপর ভিত্তি করে কঠোর শাস্তি দেওয়া যাবে না। ৮০ ভাগ বাস সরকারনির্ধারিত ভাড়া নিচ্ছে। বিএনপি-জামায়াতপন্থীদের মালিকানাধীন ২০ ভাগ বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। প্রথম আলোতে আমার কোম্পানির বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়ার কথা লিখেছে। এগুলো সবই মিথ্যা। আমরা সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়ার চেয়েও কম নিচ্ছি। খুচরা যন্ত্রাংশের দাম বেড়ে গেছে, এটাও সবাইকে ভাবতে হবে। অনিয়ম সব সময় হয়ে আসছে। এবারও কিছু হয়েছে। ভাড়া বাড়ানোর পর সব সময় কয়েক দিন বিশৃঙ্খলা থাকে। মারামারি, এমনকি সংঘর্ষও হয়। এবার সে রকম কিছুই হয়নি।’ যোগাযোগমন্ত্রী বলেন, ‘আপনারা বলছেন ৮০ ভাগ বাসমালিক ভালো হয়ে গেছেন। ২০ ভাগ খারাপ আছেন। এই ২০ ভাগকেই ভালো করতে কারাদণ্ড দরকার আছে।’ শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘দূরপাল্লার রুটে আমরা এখনো বাড়তি ভাড়া আদায় করিনি। পরিবহন ব্যবসা লাভজনক নয় বলে অনেক মালিক দেউলিয়া হয়ে গেছেন। রাজধানীতে বাড়তি ভাড়া আদায়ের জন্য মালিকদের কারাদণ্ড দিলে বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অনেক বাসের মালিক নারী। সে ক্ষেত্রে তাঁদের কীভাবে কারাদণ্ড কার্যকর করা হবে। এত কঠোর পদক্ষেপ নেওয়া ঠিক হবে না।’বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘মোটরযান আইনে বাড়তি ভাড়া আদায়ের সব শাস্তিই উল্লেখ আছে। সরকার চাইলে কারাদণ্ড বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা বৈঠকে বসে এর অনুমোদন দিতে পারব না। পত্রিকাগুলো ভালো কথা লেখে না। শুধু খারাপ কথা লেখে। তাই সরকারকে ভেবে দেখতে হবে। বাড়তি ভাড়া আদায়ের কারণে প্রথমেই বাসের চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিল করা উচিত নয়। কারণ দর্শাও নোটিশ দেওয়া যেতে পারে।’ এরপর যোগাযোগমন্ত্রী পুলিশ কমিশনার বেনজির আহমেদকে বক্তব্য দিতে বলেন। কমিশনার বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাসের ভাড়া ঠিক করা উচিত ছিল। এটা না হওয়ায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সে অনুপাতে পরিবহন ভাড়া কী হবে তা একসঙ্গে করা উচিত। এখন থেকে সাদা পোশাকে পুলিশ বাসে ওঠে বাড়তি ভাড়া আদায়-কার্যক্রম পর্যবেক্ষণ করবে। প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বাস জব্দ করা হবে। ভ্রাম্যমাণ আদালতকেও সহায়তা করবে পুলিশ। এরপর যোগাযোগমন্ত্রী বলেন, ‘এতক্ষণ আমার মধ্যে যে ক্ষোভ ছিল, মালিকদের কারও কারও বক্তব্য শুনে তা কমে গেছে।’ এরপর তিনি সিদ্ধান্ত দিতে থাকেন। মন্ত্রী বলেন, বাড়তি ভাড়া আদায়ের জন্য বাসের চলাচলের অনুমতি বাতিল করা হবে। নতুন করে মিনিবাস চলাচলের অনুমতি দেওয়া হবে না। ২০ বছরের পুরোনো বাসের অনুমোদন নবায়ন করা হবে না। প্রসঙ্গত, ভাড়া নির্ধারণের জন্য ডাকা ১৬ মের বৈঠকেও চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিলের কথা বলা হয়েছিল। মিনিবাস বন্ধের সিদ্ধান্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই নেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিছু মিনিবাসের অনুমতি দেওয়া হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা সরেজমিনে রাজধানীর কোন কোন পথে কীভাবে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে তা দেখে গতকালের বৈঠকের কার্যপত্র তৈরি করেন। স্বল্প দূরত্বে যাত্রীদের কাছ থেকে ১০০ ভাগ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলেও বলা হয় কার্যপত্রে। এ ছাড়া এক গন্তব্যের জন্য অন্য গন্তব্যের টিকিট বা যেখান থেকে যাত্রী উঠছেন সেখানকার টিকিট না দিয়ে কয়েক স্টপেজ আগের টিকিট দেওয়ার বিষয়ও কার্যপত্রে তুলে ধরা হয়। কিন্তু এসব বিষয় আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিনিবাস বিষয়ে।