হরকাতুল জিহাদ ইসলামিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের হরকাতুল জিহাদ ইসলামিকে (হুজি) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। একই সঙ্গে হুজি নেতা মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরিকে ‘বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।ইলিয়াস কাশ্মীরিকে গত শুক্রবার ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পৃথক একটি আদেশে যুক্তরাষ্ট্রে কাশ্মীরির সব সম্পদ জব্দ করা হয়েছে। এই আদেশের ফলে কোনো মার্কিনও তাঁর সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় ও বিচার মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে হুজির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হুজি এবং কাশ্মীরির বিরুদ্ধে গত শুক্রবার একই ধরনের পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। এর ফলে জাতিসংঘের সদস্য সব দেশকে কাশ্মীরির অর্থ জব্দ, ভ্রমণ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুজির কর্মকাণ্ড দক্ষিণ এশিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে। ভারত ও পাকিস্তানে তারা সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। আফগানিস্তানে তালেবান উত্থানের পর আল-কায়েদার সঙ্গে হুজির সম্পর্ক গড়ে ওঠে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদবিরোধী কর্মকাণ্ডের সমন্বয়ক ডেনিয়েল বেঞ্জামিন বলেন, ‘হুজি ও আল-কায়েদার সম্পর্কের বিষয়টি পরিষ্কার, আর আজকের এই পদক্ষেপের ফলে সেটি আরও পরিষ্কার হলো।’সন্ত্রাসবাদবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি স্টুয়ার্ট লেভি বলেন, ‘আল-কায়েদা এবং তাদের সঙ্গে জড়িত বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আজ যৌথভাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।’ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে আত্মস্বীকৃত পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ডেভিড হেডলির সঙ্গে কাশ্মীরির যোগাযোগ আছে বলে বলা হয়ে থাকে। মুম্বাই হামলার অভিযোগে হেডলি বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগোতে কারাবন্দী।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৭ সালের মে মাসে ভারতের হায়দরাবাদে মসজিদে এবং একই বছরের মার্চে বারানসিতে হামলাসহ ভারতে বিভিন্ন হামলার সঙ্গে জড়িত হুজি।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আফগানিস্তানে তালেবানের জন্য যোদ্ধা সরবরাহ করে হুজি। আর হুজি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় আল-কায়েদা ক্যাম্পে।পাকিস্তানে গত বছরের মাঝামাঝি পাকিস্তানি ইন্টার-সার্ভিস ইনটেলিজেন্স কার্যালয় এবং লাহোরে পুলিশের ওপর হামলাসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্থাপনায় কাশ্মীরি সহযোগিতা দেন বলে অভিযোগ রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কাশ্মীরি ২০০১ সাল থেকে হুজির একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করছেন। এ ছাড়া গত বছর উত্তর ওয়াজিরিস্তানের মিরাম শাহ এলাকায় একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তোলেন তিনি।এ ছাড়া ডেনমার্কে একটি পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে ২০০৯ সালের জানুয়ারিতে কাশ্মীরিকে অভিযুক্ত করে ঊর্ধ্বতন আদালত। এএফপি, আইএএনএস।