হরতালকে অকেজো ও মরচে পড়া আন্দোলনের অস্ত্র বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। দলের নেতারা হরতাল কর্মসূচি সম্পর্কে বলেছেন, বিএনপির হরতালকে সহনশীলতা ও উদারতা দিয়ে মোকাবিলা করা হবে। তবে সহিংসতা হলে কী করতে হবে, তা সরকার পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে প্রশাসন বসে থাকবে না। গতকাল পল্টন ময়দানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হরতাল কর্মসূচি আহ্বানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এ কথা বলেন।দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বক্তব্যে নতুন কিছু নেই, পুরোনো মিথ্যাচারেরই ধারাবাহিকতা। তিনি বলেন, দেশে দুটি অকেজো অস্ত্র আছে। একটি হরতাল, আরেকটি ভারত জুজুর ভয়। আর ইয়াজউদ্দিন আহম্মেদ, ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদ খালেদা জিয়ারই সৃষ্টি। তিনিই এঁদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র রাজনৈতিক অধিকার ছিল বঙ্গবন্ধুর। কারণ, জনগণ তাঁকে সেই ম্যান্ডেট দিয়েছিল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম জিয়া মিথ্যাচার করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। হরতালকে তিনি ধ্বংসাত্মক কর্মসূচি আখ্যা দিয়ে তা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, এর পরও ধ্বংসাত্মক কর্মসূচি বহাল রাখা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে। মন্ত্রীদের সম্পদের বিবরণী সম্পর্কে হানিফ বলেন, নির্বাচন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডে সম্পদের বিবরণী আছে। খালেদা জিয়া ইচ্ছা করলে সেখানে গিয়ে দেখতে পারেন। হানিফ বলেন, খালেদা জিয়া বাংলাভাই ও শায়খ আবদুর রহমানকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে রাজশাহীতে বাংলাভাই পুলিশের পাহারায় অস্ত্র নিয়ে মিছিল করেছিলেন। সুতরাং জঙ্গি নিয়ে খালেদা জিয়া নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। জাল সনদধারী ব্যক্তিকে বিচারক নিয়োগ করা হয়েছিল।