হরতাল অবরোধ নয়, লংমার্চের কথা ভাবছে বিএনপি
আপাতত টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্প বাতিল, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা আদায় এবং ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে না দেওয়ার দাবিতে লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি নিয়ে এগোনোর পক্ষে বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আন্দোলনের এই পর্যায় সফল হলে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাওয়ার পক্ষে তাঁরা। তবে গত ১২ মে বরিশালে বিভাগীয় মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। দলীয় সূত্র জানায়, বড় ধরনের কর্মসূচি ঘোষণার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনা হওয়ার কথা। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো বৈঠক হয়নি। আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারপারসন নেতাদের সঙ্গে আলোচনাও করেননি। তাই চেয়ারপারসন সরকার পতনে কী ধরনের কর্মসূচি ঘোষণা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৯ মে ঢাকার পল্টন ময়দানে বিএনপির মহাসমাবেশ। এ অবস্থায় আজ শনিবার খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক এবং কাল রোববার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে কর্মসূচি নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্য প্রথম আলোর কাছে ব্যক্তিগত মত উল্লেখ করে বলেন, ১৯ মে মহাসমাবেশে হরতাল, অবরোধ বা ধর্মঘটের মতো কর্মসূচি দেওয়া ঠিক হবে না। এ ধরনের কর্মসূচিকে আন্দোলনের সর্বশেষ ধাপ উল্লেখ করে তাঁরা বলেন, ১৯ মের পর সরকার পতনের আন্দোলনের প্রথম ধাপ অতিক্রম করতে হবে বিএনপিকে। এর সফলতার ওপর নির্ভর করবে চূড়ান্ত বিজয় অর্জনের কর্মসূচির ধরন। স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, হরতাল-অবরোধের মতো চূড়ান্ত কোনো কর্মসূচির দিকে যাওয়া ঠিক হবে না। আপাতত নেতা-কর্মীদের চাঙা করতে এবং মানুষের আস্থা অর্জনের জন্য নানা ইস্যুতে আন্দোলন করতে হবে।’ তিনি বলেন, সরকারের ব্যর্থতা যে পর্যায় গিয়ে পৌঁছেছে এবং জনদুর্ভোগের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘সরকার পতনের আন্দোলনের দিকে যেতে হবে। তবে জ্বালাও-পোড়াওয়ের মতো কর্মসূচির দিকে গিয়ে জনদুর্ভোগ বাড়ানো যাবে না।’সাংগঠনিক অবস্থা নিরূপণে বৈঠক আজ: বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে আজ শনিবার রাত আটটায় গুলশান কার্যালয়ে খালেদা জিয়া যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন। সরকারবিরোধী ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণের বিষয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, আজকের বৈঠকে চেয়ারপারসনকে দলের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হবে। এরপর স্থায়ী কমিটির বৈঠক শেষে চেয়ারপারসন কর্মসূচি চূড়ান্ত করবেন।যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, ১৬ মাস আগের বিএনপির চেয়ে এখনকার বিএনপি অনেক বেশি শক্তিশালী।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দেশের মানুষ আন্দোলন বলতে হরতাল-অবরোধকেই বোঝে। বিএনপি আন্দোলনে আছে। সামনে আরও কিছু কর্মসূচি আসছে। তবে এই কর্মসূচি হরতাল-অবরোধের দিকে মোড় নেবে কি না তা জনগণই ঠিক করবে। রোডমার্চ বা লংমার্চের কর্মসূচি নিয়ে ভাবছে বিএনপি: বিএনপির নীতিনির্ধারকেরা জানিয়েছেন, চেয়ারপারসনের ইচ্ছায় ঢাকায় মহাসমাবেশের পর সিলেটে মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। তাই সিলেট থেকে আন্দোলন শুরুর একটা পরিকল্পনা বিএনপির আছে। সূত্র জানায়, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে এ দেশের মানুষ বরাবরই ঐক্যবদ্ধ। বিএনপি এই ইস্যুকে কাজে লাগাতে চায়। তাই সিলেট থেকে টিপাইমুখ অভিমুখে একটি লংমার্চ কর্মসূচি দেওয়ার পক্ষে বিএনপি। এ ছাড়া ফারাক্কা বাঁধের বিরুদ্ধে রাজশাহী থেকে এবং ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম ও মংলা অভিমুখে লংমার্চ কর্মসূচির কথাও ভাবা হচ্ছে। মোহাম্মদ শাহজাহান বলেন, সিলেটে সর্বশেষ মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্তের পেছনে চেয়ারপারসনের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। অতীতে দেখা গেছে, জনগণের জীবনমানের কাছাকাছি ইস্যুতে আন্দোলন হলে ভালো ফল পাওয়া যায়। স্থানীয় নির্বাচনকেও মাথায় রাখা হচ্ছে: মাহবুবুর রহমান বলেন, বিএনপি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে। তাই আন্দোলন কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে চট্টগ্রামসহ স্থানীয় নির্বাচনকেও মাথায় রাখা হবে। সূত্র জানায়, এ বছর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকারের আরও বেশ কিছু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। তৃণমূল বিএনপির নেতারা এসব নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। বিএনপিও মনে করে, এর মাধ্যমে দল অনেকটা শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে। তাই বড় ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি হলে নির্বাচনের ফলে এর বিরূপ প্রভাব পড়তে পারে। প্রস্তুতি: ঢাকার মহাসমাবেশ সফল করতে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকা বিভাগের জেলাগুলোতেও চলছে প্রস্তুতি সভা। গতকাল ঢাকা বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভা হয়েছে। আজ ঢাকা বিভাগের সব জেলার নেতাদের নিয়ে যৌথ সভা হবে। ১৫ ও ১৬ মে ঢাকা মহানগরের প্রতিটি থানার নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন।সংবাদ সম্মেলন: পল্টনে মহাসমাবেশের দিন সরকার সেখানে বিদ্যুৎ সংযোগ দেবে না বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নতুন সংযোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকার অজুহাত তুলে বিদ্যুৎ বিভাগ তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।